মেসিকে তার মতো খেলতে দিন: জাভি

নিজের পারফরম্যান্স নিয়ে এমন চাপের মধ্যে মেসি এর আগে কি কখনো ছিলেন? এমন একটি পরিস্থিতি, যেখানে তাঁর প্রতিটি পদক্ষেপই অতসী কাচের নিচে। সকালবেলা ক্লাবের অনুশীলনে এসে ‘হাই’ তুললেও তা হয়ে যাচ্ছে মুখরোচক, সমালোচনামুখর গরম খবর। কিন্তু কাল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তিনি ফিরলেন তাঁর মতো করেই। টানা তিন ম্যাচে জয়হীন ক্লান্ত-বিধ্বস্ত বার্সেলোনার জয়ে দিলেন নেতৃত্ব। দলের চালিকা শক্তি হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেন। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জয়সূচক গোল করে সমালোচনারও একটা জুুতসই জবাব দিয়ে দিলেন।
মেসি এমনই। সমালোচনার জবাবটা তিনি মাঠে খেলেই দিয়ে থাকেন। সংবাদমাধ্যমের সামনে এসে নিজের ঢোল পেটানোর মতো মানুষ তিনি নন। কিন্তু বার্সেলোনা অধিনায়ক ও মেসি-সতীর্থ জাভি হার্নান্দেজ এবার মেসির হয়ে সবাইকে কিছু কথা শুনিয়ে দেওয়ার প্রয়োজনীয়তাটা অনুভব করলেন। বেশ বিরক্তির সঙ্গেই তিনি অভিযোগ করেছেন, মেসির ওপর প্রত্যাশাটা মাঝেমধ্যে সীমা ছাড়িয়ে যায়।
স্পেনের এই তারকা মনে করেন, ‘মেসিকে তার মতো শান্তিতেই খেলতে দেওয়া উচিত। তার ওপর মাত্রাতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দিয়ে সবাই তার ক্ষতিই করছি।’
বেশ কয়েকটি ম্যাচ নিষ্প্রভ মেসি কাল বিলবাওয়ের বিপক্ষে জ্বলে উঠেছিলেন বলেই মনে করেন জাভি, ‘আজ (কাল) তো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটা পুরোপুরিই বের করল মেসি। সে-ই আজ দুই দলের মধ্যে পার্থক্য হয়ে উঠেছিল।’
বিলবাওয়ের বিপক্ষে জয়টা আসলে বার্সেলোনার জন্য এক প্রকার লাইফ লাইন। কারণ, কাল জয় পেয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে আশাটা কিছুটা হলেও টিকে রইল বার্সেলোনার। আশাটা যদিও ক্ষীণ, তবুও জাভি মনে করেন লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই, ‘যদিও শিরোপার ব্যাপারটা এখন ৯০ শতাংশই অন্যদের হাতে। অ্যাটলেটিকো অথবা রিয়াল যদি অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারায়, তবেই আমাদের সুযোগ আসবে। কিন্তু তাই বলে হাত-পা গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না। আমরা বিলবাওয়ের বিপক্ষে জিতে প্রাথমিক কাজটি সেরে রেখেছি। আমাদের লক্ষ্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া।’
বিলবাওয়ের বিপক্ষে জয়টা লা লিগার চ্যাম্পিয়নশিপের লড়াই ছাড়িয়েও ভিন্ন এক ধরনের মাত্রা বহন করছে বলে মনে করেন জাভি, ‘চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রেয় আমরা ব্যর্থ হয়েছি। টানা তিনটি ম্যাচ আমরা জয় পাইনি। বিলবাওয়ের বিপক্ষে আমাদের জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে আমরা তলানিতে থাকা আত্মবিশ্বাস কিছুটা হলেও ফেরাতে পেরেছি।’ এএফপি।