মেসিকে থামাতে বন্দুক চান সিলভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষের খেলোয়াড়দের আটকাতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন থিয়াগো সিলভা। ছবি: এএফপি
প্রতিপক্ষের খেলোয়াড়দের আটকাতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন থিয়াগো সিলভা। ছবি: এএফপি

ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে! দানি আলভেজ, নেইমার, জিকো, ফেলিপে স্কলারি—সবাই বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই পেতে চান। এমনকি দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রীতিমতো গবেষণা করে ভবিষ্যদ্বাণী করেছে, এবারের বিশ্বকাপের ফাইনালে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জ্বালা এখনই উপলব্ধি করছেন থিয়াগো সিলভা। এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আটকানোর দায়িত্ব যে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকেই নিতে হবে! আর মেসিকে থামানোর উপায় খুঁজতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে ব্রাজিলের অধিনায়ককে। বন্দুক নিয়ে মেসির সামনে দাঁড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো পথই দেখছেন না সিলভা! ঠাট্টাচ্ছলে বলেছেন, ‘মেসিকে কীভাবে থামাব? তাঁকে একমাত্র বন্দুক দেখিয়েই থামানো যেতে পারে। ওর জন্য আপনাকে সব সময় সজাগ থাকতে হবে। গত মৌসুমে ইনজুরির কবলে পড়লেও বিশ্বকাপে মেসি হবে বড় হুমকি।’

ইউরোপিয়ান ফুটবলে মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা সিলভার আগেই হয়েছে। আর সেটা খুব একটা সুখকর নয়। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এসি মিলান ও পিএসজির জার্সি গায়ে তিনবার মেসির বিপক্ষে খেলেছেন সিলভা। তিনবারই আর্জেন্টাইন তারকাকে আটকে রাখতে ঘাম ঝরাতে হয়েছে।

তবে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে সেটা যে একটা স্মরণীয় ম্যাচই হবে, সেটা স্বীকারই করে নিয়েছেন সিলভা। ‘পুরোনো শত্রু’দের মুখোমুখি হওয়ার ইচ্ছাও আছে ব্রাজিল অধিনায়কের, ‘আর্জেন্টিনার সঙ্গে লড়াইটা হবে ধ্রুপদি। জার্মানির বিপক্ষে খেলতে পারলে দারুণ হবে। ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপের ফাইনাল ফিরিয়ে আনা যাবে। অথবা স্পেনও হতে পারে। তারাও কনফেডারেশন কাপের ফাইনালে হারের শোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে।’