মেসিকে দলে চান না বার্সাভক্তদের কেউ কেউ!

তিনি আর বার্সেলোনা যেন একে অপরের সমার্থক। বার্সার খেলা মানেই তাঁর ফুটবল জাদু। তাঁকে খেলতে না দেখলে বার্সাভক্তদের মাঝে শুরু হয়ে যায় হাহাকার। সেই লিওনেল মেসিকে দলে দেখতে চান না বার্সাভক্তদের অনেকে! এটা কি বিশ্বাসযোগ্য?
বিশ্বাস করুন, আর না করুন, এটাই সত্যি। বার্সার ২ শতাংশ ভক্ত মেসির খেলা দেখতে চান না। তাঁরা চান না টানা চারটি ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়কে দলের একাদশে দেখতে। সাম্প্রতিক এক জনমত জরিপে এমন বিস্ময়কর ফলই উঠে এসেছে। বার্সাভক্তদের অনেকেই হয়তো বলবেন, কোথাকার কোন জরিপে কী বলা হয়েছে, এ নিয়ে মাথাব্যথার কী হলো! শুনলে অবাক হবেন, সেই জরিপটা অন্য কেউ করেনি, সেটা বার্সা কর্তৃপক্ষেরই করা।
যুক্তরাজ্যের ‘ডেইলি মেইল’-এর একটি প্রতিবেদন বলছে, জরিপের ফল প্রকাশ করতে গিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ক্লাব সভাপতি সান্দ্রো রসেল নিজেই, ‘ক্লাবে মাঝেমধ্যেই আমরা অভ্যন্তরীণ জরিপ চালিয়ে থাকি। জরিপে দেখা গেছে, ২ শতাংশ ভক্ত মেসিকে পছন্দ করেন না। আমার খুব জানতে ইচ্ছা করে, এই ২ শতাংশ লোক কারা!’
শতাংশের হিসাবে ২ শতাংশ আহামরি কিছু নয়। কিন্তু খেলোয়াড়টা যখন মেসি এবং দলটা যখন বার্সেলোনা, সেখানে মেসিকে অপছন্দ করার মতো লোক ২ শতাংশ থাকাটাও তো বিস্ময়কর।
২০০০ সালে ন্যু ক্যাম্পে যোগ দেন মেসি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। সেদিনের সেই ছোট্ট বালক এখন ফুটবল বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁকে বিবেচনা করা হয় সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে। এতেও সন্তুষ্ট হতে পারেন না মেসি-ভক্তরা। ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা পেলে বা ম্যারাডোনার চেয়েও বেশি প্রতিভাধর খেলোয়াড় কি না, এ নিয়েও প্রায়ই বিতর্ক চলে।
বার্সায় ১৩ বছর ধরে খেলছেন মেসি। লিগে ২৪৮ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ২২০টি। লা লিগার এবারের মৌসুমের প্রথম দুই ম্যাচেই করেছেন পাঁচ গোল। ব্যক্তিগত সফলতার পাশাপাশি দলকে জিতিয়েছেন ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগ। স্প্যানিশ কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন দুবার করে।
এত এত অর্জনের কারিগর যিনি, সেই মেসিকে দলে চান না বার্সা ভক্তদের অনেকে। সত্যিই, ভক্তদের মন জেতা বড় কঠিন!