মেসিকে নিয়ে ইতিহাস গড়তে চান নেইমার

এক বনে দুই বাঘ থাকলে সংঘাত অনিবার্য—কথাটি মাথায় রেখেই মেসি-নেইমার জুটির ভবিষ্যত্ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইয়োহান ক্রুইফ। ডাচ কিংবদন্তির এই আশঙ্কা তাত্ক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা আশা প্রকাশ করেছিলেন, আগামী মৌসুমে তরুণ নেইমারই অন্য দলগুলোর সঙ্গে বার্সার পার্থক্য গড়ে দেবে। মেসির সঙ্গে সুর মিলিয়ে এবার নেইমার জানালেন, মেসিকে সঙ্গে নিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন তিনি।
‘আশা করছি, আমাদের জুটি ইতিহাস গড়বে। আমাদের সেই সামর্থ্য আছে। বিশ্বের সেরা ফুটবলারের (মেসি) সঙ্গে খেলার স্বপ্ন পূরণ হয়েছে আমার। এটাই বার্সাকে বেছে নিতে সহায়তা করেছে আমাকে।’ বলেছেন ২১ বছর বয়সী নেইমার।
ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি মেইল’ জানায়, ব্রাজিল ছেড়ে আসার সিদ্ধান্তটা কঠিন ছিল বলে স্বীকার করেছেন নেইমার। তবে এখন ন্যু ক্যাম্পের জীবনটাই উপভোগ করতে চান ব্রাজিলীয় ফরোয়ার্ড, ‘সান্তোসে দারুণ সময় কেটেছে। কিন্তু এখন আমি নতুন ক্লাবে। নতুন জীবন শুরু হয়েছে। এখন আমার সবকিছু ঘিরেই কেবল বার্সেলোনা।’
গত মে মাসের শেষের দিকে ৫৭ মিলিয়ন ইউরো খরচ করে সান্তোস থেকে নেইমারকে দলে নেয় বার্সেলোনা। এত অর্থ ঢেলে বার্সা যে একদমই ভুল করেনি, গত মাসে অনুষ্ঠিত কনফেডারেশনস কাপেই তা প্রমাণ করেছেন নেইমার। টুর্নামেন্টজুড়ে তাঁর পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল। প্রতিটিতেই পেয়েছেন ম্যাচসেরার মর্যাদা। সেমিফাইনালে নিজে গোল করতে না পারলেও করিয়েছেন দুটি। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নিজে একটি গোল করেন, আরও দুটি গোলে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রাখেন। ব্রাজিলের কনফেডারেশনস কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের নায়ক এই তরুণই। জিতেছেন ‘গোল্ডেন বল’ পুরস্কারটাও।
ন্যু ক্যাম্পের হয়ে অবশ্য এখনো মাঠে নামা হয়নি নেইমারের। তবে অপেক্ষার প্রহর বুঝি এই ফুরোল। ২৫ জুলাই বার্সা সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামতে পারেন নেইমার।
এরই মধ্যে পছন্দের জার্সি বেছে নিয়েছেন তিনি। আগের ক্লাব সান্তোসে যেটি গায়ে জড়িয়ে খেলতেন, সেই ১১ নম্বর জার্সি পরেই বার্সায় দেখা যাবে বর্তমান সময়ের অন্যতম আলোচিত এই তারকাকে।