মেসিকে নিয়ে নিশ্চিন্ত সাবেলা
বিশ্বকাপের জন্য নিজেকে বাঁচিয়ে খেলেছেন—লিওনেল মেসিকে নিয়ে এই গুঞ্জন থামছেই না৷
ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি, সতীর্থ হাভিয়ের মাচেরানো থেকে বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো—মেসির পাশে দাঁড়িয়ে গুঞ্জনটা উড়িয়ে দিচ্ছেন সবাই। তবু গুঞ্জন থামেনি। বরং তা প্রশ্নবোধক চিহ্ন হয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে ফিরছে। বিব্রতকর এ প্রশ্নের সামনে এবার আলেসান্দ্রো সাবেলাও। সবার মতো আর্জেন্টিনার কোচও তা উড়িয়ে দিলেন, ‘সে রকম কিছু নয়। মেসি শীর্ষ পর্যায়ের পেশাদার।’
সাবেলার প্রত্যয়নপত্রের পরও মেসিকে নিয়ে ফিসফাস থামবে কি না, সময়ই বলবে। বারবার চোটের হানা তো ছিলই, সদ্য শেষ হওয়া মৌসুমে মেসির ফর্মও ঠিক মেসির মতো ছিল না। বিশেষ করে মৌসুমের শেষ দিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসি যেন নিজের ছায়া ছিলেন। মাঠের এ নিষ্প্রভতার কারণেই নানা জল্পনা, প্রশ্ন। যার মধ্যে আছে ওই কথাও—বিশ্বকাপ সামনে রেখে মেসি আসলে ঝুঁকি নিতে চাননি। নিজেকে বাঁচিয়ে খেলেছেন। গুঞ্জনটা উড়িয়ে তো দিয়েছেনই, আর্জেন্টিনা কোচ উদ্বিগ্ন নন মেসির ফিটনেস এবং ফর্ম নিয়েও।
ব্রাজিলেও মেসিকে ওই চেহারায় দেখা গেলে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনার জন্য সেটি হবে বড় দুশ্চিন্তার কারণ। সাবেলার রণ-পরিকল্পনা যে মেসিকে ভরকেন্দ্রে রেখে৷ সেই মেসিই যদি জ্বলে উঠতে না পারেন? শঙ্কার মেঘ উড়ছেই। কিন্তু আর্জেন্টাইন পত্রিকা ওলেকে সাবেলা স্পষ্টই বলেছেন, ‘আমি মেসিকে নিয়ে উদ্বিগ্ন নই। যখনই ওকে দেখেছি, ভালো মনে হয়েছে। ঘটনা হলো, বার্সেলোনার মতো ক্লাব সব সময়ই জয়ের জন্য খেলে৷ ওরা হারলে মানুষ হতাশ হয়। বার্সেলোনার খেলোয়াড়েরা মূলত এর সঙ্গে পরিচিত নয়। তবে এ রকম অভিজ্ঞতা খেলোয়াড়দের আরও শক্তিশালী করে।’
ব্রাজিল-যাত্রার আগে আর্জেন্টিনার কোচ চেষ্টা করছেন তাঁর অধিনায়ককে নির্ভার রাখতে। একই ভূমিকায় নেমেছেন জাতীয় দল ও ক্লাবে মেসির সতীর্থ হাভিয়ের মাচেরানোও৷ তাঁর কথা, শুধু মেসি নন, ব্রাজিলে চাপ থাকবে আর্জেন্টিনা দলের সবার ওপরই। সেই চাপকে অনুপ্রেরণার উৎস বানিয়েই মাচেরানো দলকে পৌঁছে দিতে চান কাঙ্ক্ষিত লক্ষ্যে, ‘দল হিসেবে ব্রাজিলে আমাদের প্রথম লক্ষ্য থাকবে ভুলের পরিমাণ কমিয়ে আনা এবং সম্ভাব্য সেরাভাবে বিশ্বকাপ শুরু করা। আর শুধু মেসি নয়, চাপ আমাদের সবার ওপরই থাকবে।’ ওয়েবসাইট।