মেসিকে নিয়ে প্রশ্ন সাবেলার মেয়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার জার্সিটাকে যতটা ভালোবাসেন, সেই পরিমাণ ভালোবাসা কি আর্জেন্টিনার জার্সিতে নেই মেসির? চমকে দেওয়া এমন প্রশ্নই তুললেন আর্জেন্টিনা কোচের মেয়ে ভেনেসা।ফাইল ছবি
বার্সেলোনার জার্সিটাকে যতটা ভালোবাসেন, সেই পরিমাণ ভালোবাসা কি আর্জেন্টিনার জার্সিতে নেই মেসির? চমকে দেওয়া এমন প্রশ্নই তুললেন আর্জেন্টিনা কোচের মেয়ে ভেনেসা।ফাইল ছবি

‘বার্সার হয়ে মেসি যেমন খেলেন, আর্জেন্টিনার হয়ে কেন তেমন খেলেন না?’ একসময়ের বহুল উচ্চারিত প্রশ্নটা আপাতত থিতিয়ে গেছে। আকাশি-সাদা জার্সিতে দুর্দান্ত খেলেই মেসি সেই প্রশ্নটি সিন্দুকবন্দী করে ফেলেছেন। তবে প্রশ্নটি আবার টেনে বের করে আনলেন ভেনেসা সাবেলা, আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রো সাবেলার মেয়ে। আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট পাওয়ার পর ‘রেডিও লা প্লাতা’য় বাবা ও তাঁর দলকে অভিনন্দন জানাতে এসে এমন মন্তব্য করেছেন ভেনেসা। ওই সাক্ষাত্কারে পরোক্ষে জাতীয় দলে মেসির আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তুলে ভেনেসা বলেছেন, দলের অধিনায়কের চেয়ে কখনো কখনো অ্যাঙ্গেল ডি মারিয়াই বেশি পরিশ্রম করে খেলেন!

মেসিকে এই সময়ের এক নম্বর খেলোয়াড় মানতে কোনো দ্বিধা নেই ভেনেসার। তবে মেসি ম্যারাডোনার ধারে-কাছে নেই বলেও অভিমত তাঁর। শুধু তা-ই নয়, কিছুদিন আগে মেসিকে ‘চোকার’ও বলেছিলেন ভেনেসা। দাবি করেছিলেন, জাতীয় দলের হয়ে খেলার চাপ মেসি নিতে পারেন না। সেই চাপেই ভেঙে পড়েন।

বাবার সঙ্গে তাঁর মতের হয়তো মিল হবে না। তবে নিজের মতে অটল ভেনেসা বলেছেন, ‘বাবা খানিকটা বিব্রত, তবে এটা আমার মত। আমি এখনো তা-ই মনে করি। অস্বীকার করব না, মেসি আগের চেয়ে (জাতীয় দলে) কিছুটা উন্নতি করেছে। তবে আমি বুঝি না, কেউ কেউ কেন মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় (সর্বকালের) বলে। ও নয়, আমার কাছে এখনো সেটা ম্যারাডোনা। আপনি বিশ্বের সেরা হলে সব দলের হয়েই ভালো খেলবেন—যেমন বার্সেলোনার হয়ে, তেমনি আপনার দেশের বা যেকোনো দলের হয়ে।’

কেন মেসিকে চোকার বলেছেন, চোকার বলতেই বা কী বুঝিয়েছেন, সেই ব্যাখ্যাও দিলেন ভেনেসা, ‘আমি এমন বলছি না যে জাতীয় দলের হয়ে খেলার গর্ব সে অনুভব করে না। তবে ওকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে। কখনো কখনো ভেবে অবাক লাগে, বার্সেলোনার জন্য ও যতটা করছে, জাতীয় দলের হয়ে সেটা কেন করছে না? ডি মারিয়া বরং মেসির চেয়ে বেশি পরিশ্রম করে। আমি নিজে এটা বলিভিয়ায় দেখেছি। ডি মারিয়া মেসি বা অন্য যে কারও চেয়ে বেশি দৌড়েছে।’

ভেনেসার এমন ধারণার সঙ্গে অবশ্য একমত নন খোদ তাঁর বাবাই। মেসি জাতীয় দলকে সবটুকু নিংড়ে দেন না—এমন কথা মানতে চাইবেন না আর্জেন্টিনার বেশির ভাগ সমর্থকই।