ডিয়েগো সিমিওনে সোজাসাপ্টা কথা বলেন। মৌসুম শুরু হওয়ার আগেই অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ঘোষণা দিয়ে রেখেছেন, বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের বাইরে অন্য কোনো দলের এবারও লা লিগা জেতার সম্ভাবনা নেই।লিগ জেতার সম্ভাবনা হয়তো নেই, কিন্তু স্প্যানিশ সুপার কাপ তো জিততেই পারে অ্যাটলেটিকো মাদ্রিদ, নাকি? সিমিওনে কিন্তু এ ব্যাপারে খুব আশাবাদী, ‘আমরা এমন একটা টুর্নামেন্টের কথা বলছি, যেখানে শুধু দুটি ম্যাচ খেলা হয়। এ রকম টুর্নামেন্টে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বী, এটা তো আগেও দেখিয়েছি।’ সেই দুই ম্যাচের প্রথমটিতে অ্যাটলেটিকো নিজের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনার সঙ্গে। আজ ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচে হয়তো বার্সেলোনাই ফেবারিট। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নদের হারানো যে একেবারে অসম্ভব নয়, সেটা তো প্রথম লেগেই কিছুটা হলেও দেখিয়েছে অ্যাটলেটিকো। ৬৭ মিনিট পর্যন্ত বার্সেলোনার বিপক্ষে ডেভিড ভিয়ার গোলে এগিয়ে থাকাটাই এর প্রমাণ।ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে বদলি হিসেবে নেমে বার্সেলোনাকে উদ্ধার করেছিলেন নেইমার। তবে আজ ন্যু ক্যাম্পে তিনি শুরু থেকেই খেলবেন কি না, বার্সার কোচ জেরার্ডো মার্টিনো তা নিশ্চিত করেননি, ‘আমি ঠিক জানি না, কবে সে শুরু থেকেই খেলবে। তবে আপনারা দেখছেন, সে মানসিকভাবে প্রস্তুত। আমরা একেবারে সঠিক সময়ে এ কাজটি করব।’ শুরু থেকে খেলবেন অথবা বদলি হিসেবে, কিন্তু নেইমার যে খেলছেন, এটা নিশ্চিত। অনিশ্চিত দলের সেরা ফুটবলার লিওনেল মেসি। চোটের কারণে মালাগার বিপক্ষে লিগ ম্যাচে খেলেননি, পরশু অনুশীলন করেছেন অতিরিক্ত দলের সঙ্গে। মার্টিনোকে অবশ্য আজ তাঁকে মাঠে নামানোর ব্যাপারে আশাবাদীই মনে হলো, ‘আমার কাছে যে তথ্য আছে, তাতে আমরা বেশ খুশি। ও খুব দ্রুত সেরে উঠছে।’সেই ‘দ্রুত সেরে ওঠা’টা যদি আজ খেলতে না পারার মতো হয়, অ্যাটলেটিকো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। মেসি যে তাদের কাছে রীতিমতো আতঙ্ক। অ্যাটলেটিকোর বিপক্ষে লিগে ১৪ ম্যাচে তাঁর ১৭ গোল। এএফপি।