মেসিকে নিয়ে আবারও প্রশ্ন পেলের
প্রায় গোটা বিশ্বই এখন লিওনেল মেসির জয়ধ্বনিতে মুখর। প্রায় সবাই বার্সেলোনা তারকাকে এই সময়ের সেরা খেলোয়াড়ের মুকুট দিচ্ছেন পরিয়ে, ফুটবল ইতিহাসেরই সেরা বলে মানতেও আপত্তি নেই অনেকের। কিন্তু এই দলে পেলে অন্তত নেই। ফুটবলের পুরোনো পৃথিবী যাঁকে ‘ফুটবল-সম্রাট’ মেনেছে নতমস্তকে, তিনি আগেও অনেকবার বলেছেন, আবারও বললেন, মেসি গ্রেট হতে পারেননি। মেসি কেন গ্রেট নন সেই যুক্তির সপক্ষে তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘আমি মনে করি, একজন গ্রেট খেলোয়াড়ের সংজ্ঞা ঠিক করে দেয় বিশ্বকাপ পারফরম্যান্স।’ইংল্যান্ডের দ্য সান পত্রিকার সঙ্গে মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে পেলে তুলনা টেনেছেন ফ্রান্সের গ্রেট জিনেদিন জিদানকে, ‘উদাহরণস্বরূপ, বার্সেলোনায় খেলা লিওনেল মেসিকে দেখুন, সে দুর্দান্ত। ব্যতিক্রমী। কিন্তু আর্জেন্টিনার মেসি পুরোপুরিই ভিন্ন। তুলনায় জিনেদিন জিদানকে দেখুন, সে বিশ্বকাপ জিতেছে এবং ১৫ বছর ছিল শীর্ষে। সে মেসির চেয়ে অনেক বেশি পরিপূর্ণ খেলোয়াড়।’গ্রেট খেলোয়াড়ের উদাহরণ দিতে আরেকটু পেছনে ফিরে গেছেন পেলে, ‘জিদানের আগে ছিল ইয়োহান ক্রুইফ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, মিশেল প্লাতিনি ও ববি মুর। তারাই গ্রেট যারা বিশ্বকাপ জিতেছে অথবা ইয়োহান ক্রুইফ ও মিশেল প্লাতিনির মতো বিশ্বকাপকে আলোকিত করেছে।’ ‘গ্রেট’ প্রসঙ্গটি এলে ডিয়েগো ম্যারাডোনার নাম না উঠে পারে না। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে তুল্য এই আর্জেন্টাইনের চেয়ে ক্রুইফকেই তিনি ওপরে রাখছেন, ‘ম্যারাডোনা তো এক পায়ের খেলোয়াড় এবং শূন্যে সে ভালো ছিল না।’ ম্যারাডোনার মাদক কেলেঙ্কারিটাও মনে করিয়ে দিলেন ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোলের মালিক, ‘সে গ্রেট খেলোয়াড়, কিন্তু ১৯৯৪ বিশ্বকাপের সেই ঘটনা, মাদক নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তুলনায় ক্রুইফ অনেক বেশি আকর্ষক। সে ম্যারাডোনার চেয়ে আলাদা, অনেক বেশি পূর্ণাঙ্গ।’ ওয়েবসাইট।