মেসিকে নিয়ে আশাবাদী সার্জিও বাতিস্তা
বার্সেলোনার জার্সি গায়ে প্রায় প্রতি ম্যাচেই জাদু দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। অসাধারণ সুন্দর ফুটবলের প্রদর্শনী দেখিয়ে তিনি আচ্ছন্ন করে রাখেন সবাইকে। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে নিষ্প্রভ হয়ে যান বলে দুর্নাম আছে ফিফার বর্ষসেরা এই ফুটবলারের। বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতলেও এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। দেশের প্রতি মেসির দায়বদ্ধতা নিয়েও বিভিন্ন সময়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক আর্জেন্টিনার সমর্থক। তবে আগামী বছর কোপা আমেরিকাতেই মেসি সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পারবেন বলে আশা করছেন কোচ সার্জিও বাতিস্তা।এ সময়ের অন্যতম সেরা একজন ফুটবলার হিসেবে মেসির ওপর যে প্রত্যাশা থাকে, সেটাই কখনো কখনো তাঁর খেলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মনে করেন বাতিস্তা। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘মেসি সব সময়ই খুব ভালো খেলে। সে সব সময়ই জাতীয় দলের জার্সি গায়ে নিজের সেরাটা দিতে চায়। কিন্তু তার ওপর যে বিশাল পরিমাণ প্রত্যাশার চাপ থাকে, সেটাকে আমার কখনো কখনো অন্যায্য বলে মনে হয়।’ তবে এবার জাতীয় দলে মেসি যেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, সেভাবেই সব রকম পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন বাতিস্তা।বিশ্বকাপের পর প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে অসাধারণ একটা গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছিলেন মেসি। ১৭ বছর পর কোপা আমেরিকা শিরোপা জয়ের ক্ষেত্রেও মেসির ওপরে অনেকখানিই নির্ভর করতে হবে বাতিস্তাকে। কিন্তু তাই বলে মেসির ওপর বাড়তি কোনো চাপ দিতে চান না উল্লেখ করে তিনি বলেছেন, ‘তার কোনো কিছু প্রমাণ করার নেই। হ্যাঁ, দলের মধ্যে সেই এ মুহূর্তে সেরা খেলোয়াড়। কিন্তু তাকেই শিরোপা জয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এই চাপটা আমরা মেসিকে দিতে চাই না।’ রয়টার্স।