মেসিকে নিয়ে চিন্তিত নন গার্দিওলা
চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের সেমিফাইনালে গোল পাননি। লিওনেল মেসি গোলের দেখা পাননি লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও। সাম্প্রতিক গোল-খরার সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন এই সুপারস্টারের ওপর ভর করেছে শারীরিক অসুস্থতা।গুঞ্জন চলছে, আজ রাতে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের সেমিফাইনালে মেসিকে না-ও খেলাতে পারে বার্সেলোনা। তবে গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন বার্সার ম্যানেজার পেপ গার্দিওলা।‘মেসি খেলার জন্য পুরোপুরি ফিট। ওর গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল। চিকিত্সক দেখে গেছেন। এখন আর কোনো সমস্যা নেই’—আজ মঙ্গলবার এ কথা বলেছেন পেপ গার্দিওলা।মেসির সাম্প্রতিক গোল-খরা প্রশ্নে বার্সা ম্যানেজারে মন্তব্য, ‘মেসিকে নিয়ে কখনোই চিন্তিত ছিলাম না আমি। ও হয়তো ২৭ ম্যাচে গোল করবে না। কিন্তু এর পরের ম্যাচে ও নিজে তিনটি গোল করবে অথবা অন্যদের তিনটি গোল করতে সহায়তা করবে। তাই মেসি যদি অনেক ম্যাচে গোল না-ও পায়, তবুও ওকে ওর মতো থাকতে দিন। যত ম্যাচ প্রয়োজন গোল না করুক, ওকে ওর মতো থাকতে দিন।’চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬৩টি গোল করেছেন মেসি। আর চারটি গোল করল স্পর্শ করবেন কিংবদন্তি জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ ৬৭ গোলের রেকর্ড। যাঁরা মেসির সমালোচনা করছেন, তাঁদেরকে বিষয়টি স্মরণ করিয়ে দিতেই গার্দিওলা বললেন, ‘এ মৌসুমে মেসি কতগুলো গোল করেছে? ও যা করেছে, তা অবিশ্বাস্য। ও গোল করেই যাচ্ছে, অন্যদের গোল করতে সহায়তা করছে।’ সূত্র ওয়েবসাইট।