মেসিকে নিয়ে নতুন উদ্বেগ

বুধবার রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠেই বমি করে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার এই ব্যাপারটি উদ্বেগ ছড়িয়েছে তাঁর ক্লাব বার্সেলোনা শিবিরে। শিরোপার চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসার প্রাক্কালে মেসি আবার নতুন কোনো অসুখে পড়লেন কি না, এ নিয়ে ক্যাম্প ন্যু’তে চলছে নানাবিধ জল্পনা-কল্পনা।
মাঠে বমি করার বিষয়টি মেসির জন্য নতুন নয়। ২০১৩ সালে বলিভিয়াল কুখ্যাত লাপাজ মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বমি করে ফেলেছিলেন তিনি। তবে বলিভিয়ার ভূপৃষ্ঠজনিত উচ্চতা অনেক ক্ষেত্রেই খেলোয়াড়দের মধ্যে এমন সমস্যা তৈরি করতে পারে বলে সে সময় মত দিয়েছিলেন অনেকে। কিন্তু বুধবার রোমানিয়ার বিপক্ষে ম্যাচে মেসির বমি নতুন করে উদ্বেগ ছড়িয়েছে সব মহলেই।
ব্যাপারটি নিয়ে উদ্বেগ চাপা রাখেননি বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনোও, ‘মাঠে কোনো খেলোয়াড় যখন খেলতে খেলতে বমি করে দেয় তখন বুঝতে হবে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। মেসির ব্যাপারটা মনোযোগের সঙ্গেই খতিয়ে দেখতে হবে আমাদের।’
আবার নতুন করে তাঁর কী হলো কে জানে! সূত্র: ওয়েবসাইট