মেসিকে নিয়ে নির্ভার মার্টিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ গোলটা পেয়েছিলেন ২৮ সেপ্টেম্বর, আলমেরিয়ার বিপক্ষে লিগের ম্যাচে। এরপর বার্সেলোনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি, গোল নেই! দুই বছর পর আবারও টানা তিন ম্যাচ গোলহীন মেসি! তবে কি চোট থেকে ফিরে আসার পর কিছুটা ছন্দ হারিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড?
গতকাল এসপানিওলের বিপক্ষে ম্যাচের আগে ওঠা প্রশ্নটাকে যেন ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন বার্সা কোচ জেরার্ডো মার্টিনো, ‘মেসি প্রতি ম্যাচে তিন গোল করাটাইকেই নিয়ম বানিয়ে ফেলেছে। এ কারণেই দেখা গেল, সে একটা ম্যাচে খুব ভালো খেলেছে, কিন্তু গোল পায়নি, তখন মনে হয়, কোনো সমস্যা হয়তো আছে।’ ক্লাবের হয়ে এই মৌসুমে ১৩ ম্যাচে ১২ গোল করা মেসি মাত্র এক মাস ধরে গোলহীন বলে মোটেও চিন্তিত নন তাঁর কোচ, ‘আমরা যখন মেসিকে নিয়ে কথা বলি, তখন মনে রাখতে হবে, সে এমন একজন যে একটা ম্যাচে খুব খারাপ খেলার পরও সেখানে অসাধারণ কিছু না কিছু করে।’
যাঁকে নিয়ে এত কথা সেই মেসি নিজেও অবশ্য খুব একটা চিন্তিত নন তিন ম্যাচ গোলহীন থাকায়। লা লিগায় তাঁর দল বার্সেলোনা আছে বেশ ভালো ফর্মে। চোট কাটিয়ে মাঠে ফেরা মেসি মাঝে বেশ কিছুদিন আদালতে দৌড়ঝাঁপ করেছেন কর ফাঁকির মামলায়। তবে তাঁর জন্য স্বস্তির বিষয়, এ নিয়ে আর খুব বেশি চিন্তা করতে হবে না। ইমেজ স্বত্ব থেকে পাওয়া আয়ের কর ফাঁকিতে মেসি সরাসরি যুক্ত ছিলেন না বলে রায় দিয়েছেন স্প্যানিশ আদালত। মেসি ও তাঁর বাবা হোর্হে জানিয়েছেন, ব্যবসায়িক উপদেষ্টাদের ভুল পরামর্শেই এমনটি হয়েছে। সংশোধিত কর হিসেবে কিছুদিন আগে প্রায় ৫০ লাখ ইউরো স্পেনের কর বিভাগে জমা দিয়েছেন মেসি।
এবার নিশ্চিন্ত মনে আবার খেলায় মনোযোগ দিতে পারেন টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ওয়েবসাইট।