মেসিকে নিয়ে নেইমার
মেসির প্রশংসায় বরাবরই পঞ্চমুখ নেইমার। ব্রাজিলিয়ান তারকা আরও একবার বার্সেলোনা সতীর্থকে ভেজালেন প্রশংসাবৃষ্টিতে। পাশে দাঁড়িয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন বিশ্বকাপে মেসির গোল্ডেন বল জেতা নিয়ে ওঠা বিতর্ক। টুর্নামেন্টের শীর্ষ তিন খেলোয়াড়ের একজন মেসি ছিলেন বলেও রায় দিলেন নেইমার। ব্রাজিলিয়ান টেলিভিশন গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে আমি মেসির বড় ভক্ত। আমি জানি না, ওই পুরস্কারটা তাকে দেওয়া ঠিক নাকি ভুল। তবে আমার মতে, সে বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড়।’
৪ গোল করে একটা সময় পর্যন্ত গোল্ডেন বলের লড়াইয়ে ছিলেন নেইমার। কিন্তু সেমিফাইনালের আগে তাঁকে সেই লড়াই থেকে ছিটকে দিয়েছে চোট। নিজের হতাশা একপাশে রেখে নেইমার বলছেন, ‘যেভাবেই হোক, অন্তত সেরা তিনের একজন ছিল লিও। এ ছাড়া আমি মনে করি, শোয়েনস্টেইগার ও রোবেন ছিলেন শীর্ষ তিনে।’ গোলডটকম।