মেসিকে নিয়ে পরিকল্পনা নেই ফন গালের!

দারুণ ট্যাকটিশিয়ান হিসেবে তিনি ইতিমধ্যেই সমাদৃত। ৯০ মিনিটের খেলায় প্রয়োজন অনুসারে কৌশল পাল্টে ফল বের করে নিতে তাঁর জুড়ি মেলা ভার। এবারের বিশ্বকাপে হল্যান্ডের প্রতিটি ম্যাচেই লুই ফন গাল প্রমাণ করেছেন নিজের ট্যাকটিক্যাল দক্ষতা। আজ আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে তাঁর রণকৌশল নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই। ফন গাল কি পারবেন নিজের রণকৌশলের কারিশমায় বিশ্বকাপে হল্যান্ডের চতুর্থ যাত্রাটি নিশ্চিত করতে?
আজকের ম্যাচ নিয়ে ফন গালের বিশ্লেষণ অবশ্য খুবই গতানুগতিক। তাঁর মতে, ‘এই ম্যাচে কোনো ফেবারিট নেই।’
এর ব্যাখ্যায় গিয়ে হল্যান্ড কোচ বলেছেন, ‘আমার মনে হয় সেমিফাইনালে উঠে যাওয়া দলগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। এই ম্যাচের ফলাফল দ্বিতীয় রাউন্ড বা কোয়ার্টার ফাইনালের মতোই যেকোনো দলের দিকেই হেলে পড়তে পারে।’
এই বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে হল্যান্ড। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই আগেরবারের চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে যে যাত্রা শুরু করেছিল, তার এক সফল পরিণতি হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছে তারা।
আর্জেন্টিনার বিপক্ষে আজকের সেমিফাইনালে লিওনেল মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনার কথা বলেননি ফন গাল। তাঁর ভাষ্য, এই ম্যাচে আমার লক্ষ্য পুরো দলকে আটকানো। কোনো ব্যক্তি-বিশেষকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা নেই।’
মেসিকে নিয়ে কোনো পরিকল্পনা নেই? এই বিশ্বকাপে মেসির দুর্দান্ত ফর্ম, গোল করার দক্ষতা, দলের বিপদে অবদান রাখা—এগুলো কি ডাচ কোচের কাছে বিবেচ্য কিছু নয়। ফন গাল শুধু জানিয়েছেন, ‘আমি জানি, সে এবার দারুণ ফর্মে আছে। আপনি যদি নিজে গোল করেন, তাহলে আপনাকে নিয়ে একটু ভাবতে হয় বৈকি। হ্যাঁ, দলের প্রয়োজনে সে নিজেকে মেলে ধরতে পারে।’
এর পরপরই ফন গাল বলেছেন আসল কথাটা, ‘জাতীয় দলের হয়ে সে এত দিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। কিন্তু এবার দেখছি, সে এই ব্যাপারটা পাল্টে দিতে বদ্ধপরিকর। আজকের ম্যাচে আমরা তাঁকে সেটাই করতে দেব না। তবে এটা ঠিক যে মেসিকে তাঁর কাজটি করতে না দেওয়া ভীষণ চ্যালেঞ্জিং।’
আর্জেন্টিনা দলটিকে নাকি খুব ভালো চেনেন না ফন গাল, ‘আমি সত্যি বলছি, দলটি আমার কাছে খুব একটা পরিচিত নয়। এই বিশ্বকাপে তাদের কয়েকটা খেলা দেখেছি। তারা খুব নির্দিষ্ট ফরমেশনে যে খেলেছে তা নয়। পরিস্থিতি অনুযায়ী তারা তাদের খেলা পাল্টেছে। আজকের ম্যাচেও মাঠে নেমে আগে ওদের কিছুক্ষণ দেখব। তারপরই নিজেদের রণকৌশলটি চূড়ান্ত করব।’ এএফপি।