মেসিকে নিয়ে পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫০ বিশ্বকাপের সময় তাঁর বয়স ছিল ১০ বছর। মারাকানার শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে হার ছোট্ট পেলের হূদয়েও ঘটিয়েছিল বেদনার রক্তক্ষরণ। বড় হয়ে ব্রাজিলকে তিন-তিনবার জিতিয়েছেন বিশ্বকাপ। দেশকে ফুটবল সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেরাদের চূড়ায়। কিন্তু ১৯৫০ সালের ১৬ জুলাইয়ের মারাকানার সেই যন্ত্রণা এখনো ভুলতে পারেননি পেলে। ৬৩ বছর পরও তাই প্রতিশোধ স্পৃহা পেলের মনে।
ওই ঘটনার পর অনেক বারই ফুটবল মাঠে উরুগুয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। কিন্তু নিজেদের মাটির বিশ্বকাপে হারের যন্ত্রণা কি আর অন্য কিছুতে প্রশমিত হয়? আবার যখন বিশ্বকাপ ব্রাজিলে ফিরছে, সেই যন্ত্রণা প্রশমনের এই তো সুযোগ! ৭৩ বছর বয়সী পেলেও সেই স্বপ্ন দেখছেন। পেলের আশা, সেই মারাকানায় ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। আর তাতে সুয়ারেজ-কাভানিদের হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরবেন নেইমার-সিলভারা।
পেলে কোথাও সংবাদমাধ্যমের কাছে মুখ খুললে মেসি প্রসঙ্গ উঠবে, এটা যেন এখন অবধারিত! বৃহস্পতিবার সাও পাওলোয় এক অনুষ্ঠানে পেলের দিকে ছুটে গেল মেসি সর্বকালের সেরাদের কাতারে কি না এমন প্রশ্ন। ব্রাজিল কিংবদন্তি দাবিটাকে উড়িয়ে তো দিয়েছেনই, এমনকি মেসির চেয়ে জিনেদিন জিদানকেও বলেছেন ভালো। যদিও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনায় মেসিকেই এগিয়ে রেখেছেন ফুটবলসম্রাট। বলেছেন, সুযোগ থাকলে ফিফা ব্যালন ডি’অরে ভোটটা তিনি মেসিকেই দিতেন। কেননা টেকনিক বিবেচনায় মেসিই তাঁর চোখে শ্রেয়তর।
পেলে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন, মেসির ভালো খেলার পেছনে তাঁর বার্সেলোনার অসাধারণ দুই সতীর্থের অবদানও অনেক, ‘তাকে আগে জিদানকে টপকাতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, মেসির চেয়ে জিদান ভালো ছিল। জিদান ছিল বিস্ময়কর এবং তার সতীর্থরা মেসির সতীর্থদের মানের ছিল না। বার্সেলোনায় মেসির পাশে জাভি ও ইনিয়েস্তার মতো খেলোয়াড়েরা খেলে।’ ওয়েবসাইট।

জেলা ফুটবল লিগ
কাল মানিকগঞ্জে মানিকগঞ্জ সিটি ক্লাব ৩-১ গোলে দশোরা নবজাগরণকে, রাজবাড়ীতে শুভেচ্ছা স্পোর্টিং ৩-০ গোলে এসএনএস ক্লাবকে হারিয়েছে। —ক্রীড়া প্রতিবেদক