মেসিকে নিয়ে ভাবছেন না সিয়াসিয়া!
মেসিদের অনুশীলন শেষ। যেন ভেঙে গেল চাঁদের হাট। গ্যালারির উচ্ছ্বসিত দর্শকের বেশির ভাগই ধরেছে বাড়ির পথ। আর্জেন্টিনা দল মাঠ ছাড়তেই অনুশীলনে নেমে পড়ল নাইজেরিয়া। ঘণ্টা খানেকের অনুশীলন শেষে হাসিমুখেই সংবাদ সম্মেলনে পাওয়া গেল সুপার ইগলদের কোচ স্যামসন সিয়াসিয়াকে। আজ ম্যাচ শেষেও এই হাসি থাকবে তো?আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে মাদাগাস্কারের বিপক্ষে পরশুর ২-০ গোলে জয়ের রেশ টেনেই ঢাকায় এসেছে নাইজেরিয়া দল। ১২ ঘণ্টার বিমান ভ্রমণের ধকল শেষে বিকেলেই আবার অনুশীলন মাঠে। অনুশীলনটা হলো হালকা মেজাজে। আর্জেন্টিনাকে সর্বশেষ সাক্ষাতে ৪-১ গোলে হারিয়েছে নাইজেরিয়া। মাদাগাস্কার থেকেও জয় নিয়ে ঢাকায় আসা। জয়ের ধারাটা বঙ্গবন্ধু স্টেডিয়ামেও ধরে রাখতে চান সিয়াসিয়া—‘আমার ছেলেরা মাত্রই ম্যাচ খেলে এসেছে। ওরা একটু ক্লান্ত। তার পরও আমি চাইব, এই ম্যাচে প্রথমেই গোল করে সুবিধাজনক অবস্থায় থাকতে। আমরা হারতে চাই না। অবশ্যই এ ম্যাচেও জিততে চাইব। কারণ, কিছুদিন ধরেই আমরা ভালো ফুটবল খেলছি।’ গত ম্যাচে আর্জেন্টিনা দলে খেলেননি লিওনেল মেসি। এই ম্যাচে নিশ্চয়ই তাঁকে নিয়ে বিশেষ কিছু ভাবছেন? এমন প্রশ্নে মনের মধ্যে যা-ই থাকুক না কেন, সিয়াসিয়া দিলেন কূটনৈতিক উত্তর—‘আমি জানি, এ মুহূর্তে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। ওকে আমরা যথেষ্টই সম্মান করি। তবে ফুটবল ১১ জনের খেলা। কেউ একা দলকে জেতাতে পারে না। আশা করি, মেসিকে নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের।’বাংলাদেশের ঘরোয়া লিগ মাতান অনেক নাইজেরিয়ান ফুটবলার। কিন্তু বাস্তবতা হলো, আজ গ্যালারির বেশির ভাগ সমর্থকই গলা ফাটাবে আর্জেন্টিনার পক্ষে। বিষয়টি সিয়াসিয়াও জানেন, ‘আমি জানি, এখানে আর্জেন্টিনার সমর্থক বেশি। আশা করি, আমাদের সমর্থকও গ্যালারিতে থাকবে এবং আমরাই ম্যাচটা জিতব।’ মাঠ ও কন্ডিশন কোনো সমস্যা হবে না বলে আশাবাদী ১৯৯৪ বিশ্বকাপে খেলা নাইজেরিয়ার সাবেক স্ট্রাইকার, ‘এখানকার কন্ডিশন আমার কাছে ভালোই মনে হয়েছে। আশা করি, আমাদের খেলতে সমস্যা হবে না।’ বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ সিয়াসিয়া বললেন, ‘আমি শুনেছি, বাংলাদেশে শুধু ক্রিকেট খেলা হয়। এখানে ফুটবলেও যে এমন দর্শক আছে, সেটা দেখে আমি বিস্মিত। এখানকার আতিথেয়তাও আমাকে মুগ্ধ করেছে।’