মেসিকে নিয়ে মুখ খুললেন তাঁর বাবাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

প্রাক-মৌসুমে চোট সমস্যায় ভুগছিলেন। নতুন মৌসুম শুরু হওয়ার পরও একই সমস্যা। ঊরুতে চোট পেয়ে লিওনেল মেসি মাঠের বাইরে কাটালেন টানা তিন সপ্তাহ। চোট থেকে ফেরার পর নিজেকে সেভাবে মেলেও ধরতে পারছেন না আর্জেন্টাইন জাদুকর। লিগে টানা চার ম্যাচে গোল নেই! এর পরও এই মৌসুমে মেসির পরিসংখ্যানটাও দুর্দান্ত—১৪ ম্যাচে ১২ গোল। তবু বসে নেই নিন্দুকেরা। শুরু হয়েছে সমালোচনা।

জেরার্ডো মার্টিনো সাফ জানিয়ে দিয়েছেন, যাঁরা মেসির সমালোচনা করছেন, সমস্যাটা তাঁদের। কোচের মতো বার্সা খেলোয়াড়দেরও একই মত—মেসির গোল না পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মেসির গোল না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন তাঁর বাবাও। নিন্দুকদের পাল্টা আক্রমণ করেননি, শুধু ছেলের ফর্মে ফেরা নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথাটা বলেছেন হোর্হে মেসি, ‘অপেক্ষা করুন। নিজের সেরা ফর্মেই ফিরে আসবে লিও। চোট ওর খেলাকে ক্ষতিগ্রস্ত করেছে। আবারও চোটে পড়া থেকে দূরে থাকাটা ওর সত্যিই খুব প্রয়োজন।’

আগামীকাল রাতে আবার মাঠে নামছেন মেসি। প্রতিপক্ষ এসি মিলান। চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই তাঁর ফিটনেস নিয়ে কথা উঠছে। তবে মেসির ফিটনেস-সমস্যা নেই বলে দাবি করেছেন সতীর্থ পেদ্রো রদ্রিগেজ। মেসির গোল না পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন বার্সা ফরোয়ার্ড, ‘তার (মেসি) কোনো সমস্যা নেই। সে বেশ ভালো অনুশীলন করছে, শারীরিক দিক থেকেও শক্তিশালী। এটা সত্যি, কয়েক সপ্তাহ ধরে সে গোল পাচ্ছে না। তবে এ নিয়ে চিন্তিত নই আমরা। লিও খুবই আত্মবিশ্বাসী ফুটবলার, প্রচুর গোল করতে চায়। তার মতো একজন খেলোয়াড় গোল পাবেই। সে নিজেও এসব নিয়ে চিন্তিত নয়। কারণ তার ভালো করেই জানা আছে, একসময় সব ঠিক হয়ে যাবে।’ সূত্র: মার্কা।