মেসিকে নিয়ে 'মেসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

আর দশটা স্বাভাবিক শিশুর মতো বেড়ে ওঠা হয়নি। জীবনযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ছোটবেলাতেই। কলি থেকে ফুল হয়ে ফুটেছেন। তারকা থেকে আজ মহাতারকার স্বীকৃতিও পেয়েছেন। এই উত্থান, এই যাত্রা অবিশ্বাস্য, দুর্দান্ত! সেলুলয়েডের ফিতায় কতটুকুই বা ধরে রাখা যাবে এই রূপকথার গল্প? তবু সেই চেষ্টা করেছেন স্প্যানিশ পরিচালক অ্যালেক্স ডে লা ইগলেসিয়া। বুধবার রিও ডি জেনিরোতে তাঁর প্রামাণ্যচিত্র মেসির প্রথম প্রদর্শনী হয়ে গেল। মেসির ছোটবেলা, বার্সেলোনায় আসা থেকে চারবার বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা—সবই থাকছে এখানে। ইয়োহান ক্রুইফ, জেরার্ড পিকে, হাভিয়ের মাচেরানো, ইনিয়েস্তাদেরও কথা বলতে দেখা যাবে মেসিকে নিয়ে। চমক হিসেবে থাকছে ড্রেসিংরুমের মেসির দর্শন, তাঁর ছোটবেলার বন্ধু, আগের শিক্ষকদের গল্পও। চিত্রনাট্য লিখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ও রিয়াল মাদ্রিদের সাবেক ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানো। কবে নাগাদ প্রামাণ্যচিত্রটি মুক্তি দেওয়া হবে, তা অবশ্য জানানো হয়নি। এএফপি।