মেসিকে নিয়ে 'ষড়যন্ত্র'!

আসলেই কি অ্যাডিডাস বার্সেলোনা থেকে ছাড়িয়ে নিতে চেয়েছিল লিওনেল মেসিকে? সত্যিই সাড়ে ১৭ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মেসি?
ভেতরের খবরটা হয়তো জানা যাবে না আর। তবে আর্জেন্টাইন তারকাকে বার্সেলোনা থেকে ছাড়িয়ে নিতে অ্যাডিডাস ‘ষড়যন্ত্র’ করেছিল বলে স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো যে খবর দিয়েছে, সেটি অস্বীকার করেছে সংস্থাটি।
বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস রিয়াল মাদ্রিদ, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপিয়ান পরাশক্তিগুলোর স্পনসর। অন্যদিকে তাদেরই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী নাইকি আছে বার্সেলোনার সঙ্গে। স্বভাবতই মেসির গায়ে থাকে নাইকির লোগোসহ জার্সি। মুন্ডো দেপোর্তিভোর দাবি, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতার কারণেই মেসিকে বার্সেলোনার কাছ থেকে ছুটিয়ে রিয়াল, চেলসি বা বায়ার্নের মতো ক্লাবে নিয়ে যেতে চেয়েছিল অ্যাডিডাস। এ জন্য মেসির রিলিজ ক্লজের অর্ধেক অর্থ ও বিজ্ঞাপন থেকে আয়ের ৪০ ভাগ দিতেও রাজি ছিল প্রতিষ্ঠানটি। অর্থের হিসাবে যা প্রায় সাড়ে ১৭ কোটি ডলার! নাইকির জার্সির বদলে মেসির গায়ে অ্যাডিডাসের জার্সি পরাতে পারলে অবশ্য তাদের আয়ের পরিমাণটা এর চেয়ে অনেক বেশিই হতো বলে ধারণা করা হচ্ছে। তবে সে প্রস্তাবও নাকি প্রত্যাখ্যান করেছেন মেসি।
খবরটি প্রকাশের পর থেকেই এটি অস্বীকার করে আসছে অ্যাডিডাস। এমনকি ফরাসি দৈনিক লেকিপ-এ প্রকাশিত এক বিবৃতিতে অ্যাডিডাস স্পষ্ট জানিয়েছে, ‘আমাদের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক পুরোপুরি বাণিজ্যিক। খেলাধুলা-সংক্রান্ত সব সিদ্ধান্তই নেন খেলোয়াড় নিজে এবং তাঁর প্রতিনিধি।’ গত ফেব্রুয়ারিতেই বার্সেলোনার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। ওয়েবসাইট।