মেসিকে নিয়েই ফার্গির ভাবনা
২০০৯ সালের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সেলোনা। দুই বছরের ব্যবধানে সেই বার্সেলোনাই আবার ফাইনালে ম্যানইউর প্রতিপক্ষ। স্বাভাবিকভাবেই অ্যালেক্স ফার্গুসনের মাথায় ঘুরপাক খাচ্ছে প্রতিশোধের চিন্তা। ম্যানইউ কোচ জানেন দুরন্ত বার্সেলোনাকে আটকাতে হলে সবার আগে চোখ রাখতে হবে লিওনেল মেসির দিকে। মাঠে নামার আগে ম্যানইউ কোচ তাই এঁটে চলেছেন মেসিকে ‘নিষ্ক্রিয়’ করার কৌশল।কিন্তু মেসিকে নিষ্ক্রিয় করা সহজ কাজ নয়। এ জন্য দরকার তাঁকে নিয়ে আলাদা গবেষণা। আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে গবেষণার প্রধান হাতিয়ার ইন্টারনেট। ইন্টারনেট ও সহকারীদের নিয়ে ‘ফার্গি’ বার্সেলোনা আর মেসিকে নিয়ে গবেষণা করেই নামবেন ওয়েম্বলির শিরোপা-যুদ্ধে। মেসি কীভাবে বল পান, বল পেলে কী করেন এবং বলসহ মেসিকে কীভাবে থামানো যায়—সবই ফার্গুসনের জানা। জানাটাকে আরও সমৃদ্ধ করতে উচ্চতর গবেষণা চালাবেন তিনি! ফাইনাল ২৮ মে। মেসি এবং বার্সেলোনাকে নিয়ে গবেষণার জন্য তাই ফার্গুসন সময় পাচ্ছেন তিন সপ্তাহ।ওয়েম্বলির ফাইনাল নিয়ে আপনার মনোভাব কী—এমন প্রশ্নের জবাবে ফার্গুসনের উত্তর, ‘আমি মনে করি, আমাদের প্রস্তুতি ভালো।’গত বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে শালকেকে ৪-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ম্যানইউ। ওই ম্যাচের পরই ফার্গুসন আভাস-ইঙ্গিতে বুঝিয়েছেন, দরকার হলে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোরও পরামর্শ নেবেন। বোঝাই যাচ্ছে, প্রতিশোধ নিতে মরিয়া ফার্গুসন ও তাঁর দল।মেসিকে নিষ্ক্রিয় করে ম্যানইউ পারবে প্রতিশোধ নিতে? রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউলের বিশ্বাস, ফার্গুসন প্রতিশোধের ছক কষেই মাঠে নামবেন এবং প্রতিশোধ নিতে পারবেনও! ‘ফার্গুসন কিংবদন্তি এবং জেনে নেবেন দলকে জিততে হলে ঠিক কী করতে হবে’—ম্যানইউকে নিয়ে রাউলের বাজি। ওয়েবসাইট।