মেসিকে নেতৃত্বে চান ম্যারাডোনা
‘বার্সেলোনার মেসি’টা কেন ‘আর্জেন্টিনার মেসি’ হয়ে ওঠে না, এই প্রশ্ন শুনতে শুনতে তিনি নিশ্চয়ই ক্লান্ত। বিশ্বসেরার খেতাব জেতা গত মৌসুমের চেয়েও এবার আরও দুর্দান্ত ফর্মে লিওনেল মেসি। কিন্তু সেই ঝলক আগামী বিশ্বকাপেও দেখা যাবে তো? প্রশ্নটার উত্তরে বিরক্ত মেসি বলেই দিয়েছেন, ‘আমি তো আর একা ম্যাচ জেতাতে পারব না। দলের সবাইকে যার যার দায়িত্ব নিতে হবে।’সেই দায়িত্ব সবাই নেবে। কিন্তু মেসিকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। সেই কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন কোচ ডিয়েগো ম্যারাডোনা, ‘মেসিকেই নেতৃত্ব দিতে হবে। এবং সে এটা ভালো করেই জানে। আমাদের ওপর প্রত্যাশার অনেক চাপ। অনেক দুর্দান্ত খেলোয়াড় দলে। এবার সবাইকে মিলে একটা দল হয়ে উঠতে হবে।’এই নেতৃত্ব বলতে দলের অধিনায়কত্ব বুঝিয়েছেন কি না, সেটি অবশ্য ভেঙে বলেননি ম্যারাডোনা। ম্যারাডোনা নিজে কিন্তু বিশ্বকাপ জিতেছিলেন প্রায় ২৬ বছর বয়সে। ২৩ বছর বয়সেই সেই চাওয়াটা এসে চাপছে মেসির কাঁধে। ওয়েবসাইট।