মেসিকে পাশেই রাখলেন ম্যারাডোনা
পেলের ওপর এমনিতেই তাঁর খুব রাগ। তার ওপর মাঝেমধ্যে ব্রাজিল কিংবদন্তি এমন সব মন্তব্য করেন, ডিয়েগো ম্যারাডোনার যেন গায়ে আগুন ধরে যায়। কদিন আগে নিজেকে ‘ফুটবলের বিটোফেন’ ঘোষণা করা পেলে ‘লিওনেল মেসি’কে এখনই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এবার ম্যারাডোনাও পেলেকে একরকম ‘বাতিলের খাতা’য় ফেলে দিলেন। তাঁর দাবি, ফুটবলের মাঠে ত্বরিত ভাবনা আর সৃষ্টিশীলতায় দুই ‘ম’-ই সেরা—মেসি আর ম্যারাডোনা!টানা দ্বিতীয় মৌসুমে গোলের ফিফটি করা মেসিকে নিয়ে কদিন ধরেই পুরোনো আলোচনা নতুন করে চলছে—ফুটবল ইতিহাসে মেসির আসন আসলে কোথায়? আগে যে বিতর্কের পাল্লায় এক দিকে ছিলেন পেলে, অন্য দিকে ম্যারাডোনা; সেখানে এখন মেসিরও সগৌরব উপস্থিতি। মেসির প্রশংসা করতে পেলে যতটা কুণ্ঠিত, ম্যারাডোনা যেন ততটাই আগ্রহী। ইতালির গাজেত্তা দেল্লো স্পোর্তের সঙ্গে কথা বলতে গিয়ে তো মেসিকে নিজের কাতারেই তুলে আনলেন, ‘সর্বকালের সেরার তালিকা দেখলে আমার হাসি আসে। তবে হ্যাঁ, যদি একটি ক্ষমতার কথা বলেন—ম্যাচ চলার সময় দ্রুত ভেবে নেওয়ার ক্ষমতা—তাতে লিও আর আমার ধারে কাছে কেউ নেই। যখন ওর কোচ ছিলাম (জাতীয় দলে), দেখেছি, কীভাবে একটা মুভ তৈরি হলো; এটা ও খুব দ্রুত বুঝতে পারত। ওর এই ক্ষমতাটা আমাকে আমার কথা মনে করিয়ে দেয়।’সেকেন্ডের ভগ্নাংশ সময়ে সিদ্ধান্ত নিতে পারার এই ক্ষমতা প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা যায় না। ম্যারাডোনা বলছেন, এটা জন্মসূত্রে পাওয়া, ‘এই সহজাত ক্ষমতা ঠিক যেন কম্পিউটারের মতো মূল্যবান।’ ম্যারাডোনা মনে করেন, তাঁর ও মেসি—দুজনের পক্ষে আরও অনেক জাদু মাঠে করে দেখানো সম্ভব হতো, ‘পাশে যদি এমন কোনো খেলোয়াড় থাকত যে আমাদের মতোই সমান গতিতে ভাবতে পারছে, আমরা আরও বেশি কিছু করতে পারতাম।’এ সময়ের সেরা খেলোয়াড়দের একটা তালিকাও দিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। কয়েকটা নামে চমকও আছে, ‘আমার সেরার তালিকা হলো: মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো; এরপর ইব্রা (জ্লাতান ইব্রাহিমোভিচ) এবং ওয়েইন রুনি। আর কুন আগুয়েরোকেও রাখা যায় সেরা দশে। তবে ও এখনো বিকশিত হচ্ছে।’ ওয়েবসাইট।