মেসিকে পেলে ধন্য হতেন তিনিও!
ডিয়েগো ম্যারাডোনার গুরু হিসেবেই পরিচিতি তাঁর। ম্যারাডোনা নামের এক বিস্ময়কর প্রতিভাকে ঠিকমতো কাজে লাগিয়ে ১৯৮৬ সালে বিশ্ব জয় করেছিলেন কার্লোস বিলার্দো। লিওনেল মেসির কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়নি। তবে বিলার্দো বলছেন, মেসিকে শিষ্য হিসেবে পেলে ধন্য হয়ে যেতেন তিনিও। মেসিকে অবশ্য গত বিশ্বকাপে কাছ থেকে দেখেছেন। ম্যারাডোনাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি বিলার্দোকে মহাব্যবস্থাপক নামের অদ্ভুত এক পদ দিয়েছিল আর্জেন্টাইন ফুটবল সংস্থা। ম্যারাডোনা-বিলার্দো জুটি এবার জমেনি। মেসিও হতে পারেননি ছিয়াশির ম্যারাডোনা। তাতে অবশ্য খুদে জাদুকরের ওপর তাঁর আস্থা এতটুকু কমেনি। ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা থেকেই, জহুরি চোখ দিয়েই তিনি জানেন, আর্জেন্টিনার শিরোপা-খরা কেউ ঘোচাতে পারলে মেসিই পারবেন।অনুশীলনে মেসিকে দেখার অভিজ্ঞতা থেকে বিলার্দো বলেছেন, ‘ওকে আপনাকে আসলে অনুশীলনে দেখতে হবে। দেখতে পাবেন ও কীভাবে ছোটে। এক সেকেন্ডের মধ্যে ও শূন্য থেকে একেবারে ৫০ কিলোমিটার গতি তুলে ছুটতে পারে। ওকে একভাবেই থামানো যায়—লাথি মেরে। যদি লাথি না মারেন, তা হলে থামাতে পারবেন না।’মেসি যখন ড্রিবল করেন, তাঁর পায়ের কারুকাজ খুব একটা স্পষ্ট হয় না। কিন্তু তিনি এঁকেবেঁকে ছোটেন। বলও তাঁর পায়ে পোষমানা বিড়ালের মতো ছোটে। বিলার্দো বলছেন, বল যে মেসির শরীরেরই একটা অংশ হয়ে যায় তখন, ‘ওর কাছে বল যেন ওর শরীরের বাড়তি একটা হাড়। ও এমনভাবে দৌড়ায় যেন ওর কাছে বলই নেই। ও একবার যদি ছোটা শুরু করে, ওকে ধরার কথা আপনাকে ভুলে যেতে হবে। আপনাকে যেটা করতে হবে, এর আগেই ওর পদক্ষেপ খেয়াল করতে হবে। কারণ আপনি যতক্ষণে বুঝতে পারছেন, ততক্ষণে ও ১০ মিটার সামনে এগিয়ে গেছে। ওর আছে অবিশ্বাস্য গতি। ও নিজের সেরাটা প্রতিপক্ষের রক্ষণেই খেলে। কারও সাধ্য নেই মাঠে ওই জায়গায় ওকে থামায়।’কিন্তু এ মেসিই কি পারবেন তাঁর জাদু দিয়ে সব করে ফেলতে? ম্যারাডোনার পাশেও হোর্হে ভালদানোরা ছিলেন। বিলার্দো মনে করেন, মেসির পাশেও দরকার এমনই আরেকজন, যে মেসিকে বুঝবে ভালোমতো। তা হলে সাফল্য পাবে আর্জেন্টিনা। ওয়েবসাইট।