মেসিকে বিশ্বকাপ 'ফাইনালে' হারাতে চান নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন নেইমারের চোখে!
আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন নেইমারের চোখে!

ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর প্রত্যাশা, এবার বিশ্বকাপের ফাইনালটা ব্রাজিল-আর্জেন্টিনা হোক। নেইমারও একই প্রত্যাশার কথা বারকয়েক বলেছেন। ব্রাজিলীয় সেনশেসন তাঁর বার্সেলোনার সতীর্থ লিওনেল মেসিকে নাকি এও বলেছেন, বিশ্বকাপ জেতার কথা ভুলে যাও! একেই বলে ফুটবল। ক্লাবে কাঁধে-কাঁধ মিলিয়ে লড়া সতীর্থ জাতীয় দলের জার্সি চাপলেই হয়ে যান ‘শত্রু’। অবশ্য এর বিপরীতও হয়।
ব্রাজিলীয় ফরোয়ার্ড বললেন, ‘তাঁকে বলেছি, ব্রাজিলে যা করার কথা ভাবছ, সেটি সম্ভব নয়।’ শুধু তা-ই নয়, কল্পিত সে ফাইনালে নিজেদেরকে এগিয়ে রাখছেন নেইমার, ‘এরই মধ্যে সমর্থকেরা আমাদেরকে ১-০তে এগিয়ে দিয়েছে।’
গত সপ্তাহে দল ঘোষণা হয়েছে। দল ঘোষণা নিয়ে নাকি বেশ উদ্বিগ্নই ছিলেন। বললেন, ‘দলে ডাকা নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু যখন স্কোয়াড ঘোষণা হয়ে গেল, তখন সত্যি ভালো লেগেছিল।’ তাঁকে কেন ‘কিছুটা উদ্বিগ্ন’ হতে হলো? অবশ্য কারণও আছে। গত বিশ্বকাপে কার্লোস দুঙ্গার দলে ঠাঁই মেলেনি। সে জন্য অবশ্য দুঙ্গাকে কম শাপান্ত করা হয়নি! এবার এমনটা ঘটার কোনো কারণ ছিল না। তবুও ‘সাবধানের মার নেই’!
যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ। চাপে নুইয়ে পড়বেন না তো—এমন কথা ঘুরেফিরেই আসছে। এ প্রসঙ্গে নেইমারের জবাব, ‘ভয় কিংবা চাপ অনুভবের কোনো কারণ নেই। আমি আমার নিজের দেশে, নিজের পরিবারের সঙ্গে আছি।’ রয়টার্স।