মেসিকে বিশ্রাম নয়: ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেসি খেলতে ভালোবাসে, সমর্থকেরাও তাঁকে দেখতে চায়। তাই মেসিকে বিশ্রাম নয়।’ শেষ ১৬- তে উঠে যাওয়ায় গ্রিসের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেওয়া নিয়ে যে জল্পনা-কল্পনা চলছে তাতে গতকাল সোমবার জল ঢেলে দিলেন কোচ ডিয়েগো ম্যারাডোনা নিজেই।আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি। এখন পর্যন্ত গোলের দেখা না পেলেও তাঁকে ছাড়া যেন নিষ্প্রাণ আর্জেন্টিনা। মেসির জাদু দেখতেই সমর্থকেরা আর্জেন্টিনার খেলা দেখেন বললেও বাড়াবাড়ি হবে না। তাই ম্যাচের গুরুত্ব থাকুক আর না থাকুক মেসিকে দলে চাই-ই চাই। গ্রিসের বিপক্ষে মেসি খেলছেন জানিয়ে ম্যারাডোনা রয়টার্সকে বলছেন, ‘আমরা তাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু মেসি খেলতে চায়, খেলতে ভালোবাসে। তার এ মনোভাব আমার খুব পছন্দ।’ এখানেই থামেননি আর্জেন্টিনার এই কিংবদন্তি। তিনি বলছেন, ‘সমর্থকেরা মেসিকে দেখতে চায়। তার টানেই সমর্থকেরা খেলা দেখতে আসে। মেসিকে বিশ্রামে রাখলে অপরাধই হয়ে যেত!’ মেসির ওপর ভরসা করে আর্জেন্টিনার এই কোচ বলছেন, ‘আমার বিশ্বাস, বিশ্বের সেরা এই ফুটবলার বিশ্বকাপে দলকে অনেক দূর নিয়ে যাবে।’যাঁকে কেন্দ্র করেই আর্জেন্টিনা, সেই মেসি এখন পর্যন্ত গোলের দেখা পাননি বলে দুঃখ নেই ম্যারাডোনার। তবে মেসি গোল পেলে তা আর্জেন্টিনার জন্য অনেক বেশি স্বস্তির হবে স্বীকার করছেন তিনি। গ্রিসের বিপক্ষেই সমর্থকদের অপেক্ষার অবসান হওয়ার ইঙ্গিত দিয়ে ম্যারাডোনা বলছেন, ‘আমার মনে হয়, গ্রিসের বিপক্ষেই গোলের দেখা পাবেন বিশ্বের সেরা এই তারকা।’