মেসিকে ভয় পান না এনেইয়ামা

লিওনেল মেসিকে বলা হয় ভিনগ্রহের ফুটবলার। বলা হবে না-ই বা কেন! গোলরক্ষক পরিচয়ের লোকটির কাছে ব্যক্তিগত জীবনে এই অতি নিরীহ মানুষটাই যে হয়ে যান মূর্তিমান আতঙ্ক। অথচ চার বছর আগে এই মেসিকেই টানা ৯০ মিনিট গোলবঞ্চিত রেখেছিলেন নাইজেরিয়ান গোলরক্ষক ভিনসেন্ট এনেইয়ামা। এবারও মেসিকে আটকাতে প্রস্তুত এনেইয়ামা। বলছেন, মেসিকে বিন্দুমাত্র ভয় নেই তাঁর।
গত বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ফুটবল বিশ্ব মেসিকে পেয়েছিল তাঁর সেরা ছন্দে। পুরো ৯০ মিনিট ধরে একের পর এক আক্রমণে নাইজেরিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ১-০ গোলে ম্যাচ জিতলেও আদৌ গোলের দেখা পাননি মেসি।
মেসির সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন এই এনেইয়ামাই। আর্জেন্টাইন মহতারকার দুর্দান্ত সব শট রুখে দিয়ে এনেইয়ামা প্রমাণ করেছিলেন, মেসিকেও আটকানো সম্ভব। চার বছর পর আবারও সেই এনেইয়ামার সামনে মেসি। কিংবা ঘুরিয়ে বলাই যায়, মেসির সামনেই আজ সেই এনেইয়ামা নামক ‘দেয়াল’।
চার বছর আগে যা-ই হয়ে থাক না কেন, এই ম্যাচকে ‘মেসি বনাম এনেইয়ামা’ বলতে নারাজ খোদ এনেইয়ামাই, ‘মেসি নিঃসন্দেহে এই গ্রহের শ্রেষ্ঠ ফুটবলার। কিন্তু মেসির বিপক্ষে নয়, আমরা খেলছি আর্জেন্টিনা দলের বিপক্ষে।’ গত বিশ্বকাপের মতো দুজনের সেই দ্বৈরথে এবারও তিনিই জিতবেন তা মনে করেন না তিনি, ‘চার বছরে সে অনেক উন্নতি করেছে। এটা পুরো বিশ্বই জানে।’
তবে মেসিকে রুখতে দৃঢ়প্রতিজ্ঞ এনেইয়ামা। গোলবারের সামনে দাঁড়িয়ে শুধু মেসি কেন, কারও মুখোমুখি হতেই বিন্দুমাত্র ভয় নেই তাঁর, ‘সত্যি বলতে কী, গোলবারের সামনে দাঁড়িয়ে আমি কখনোই কোনো ফুটবলারকে ভয় পাইনি।’
এনেইয়ামার এই অকুতোভয় মনোভাব আজ নিশ্চয়ই নাইজেরিয়ার দরকার হবে মাঠে। মেসি-এনেইয়ামা দ্বৈরথে যিনি জিতবেন, তাঁর দলই যে জয় নিয়ে মাঠ ছাড়বে আজ, তা কি আর কাউকে বলে দিতে হয়।