মেসিকে ভয় নেই সুইসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

শ্রদ্ধা আছে, ভয় নেই। মুগ্ধতা আছে, অতিভক্তি নেই। সমীহ আছে কিন্তু সমর্পণ নয়! সুইজারল্যান্ড শিবিরে এখন সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ নিশ্চিতভাবেই ‘মেসি’। সুইসদের রণপরিকল্পনার বেশির ভাগজুড়েই লিওনেল মেসিকে আটকানো। কিন্তু মেসিতে ভড়কে যাচ্ছে না সুইসরা। অনেক পোড়-খাওয়া কোচ ওটমার হিটজফেল্ড ছক কাটছেন মেসিকে আটকানোর। আটঘাট বেঁধেই আগামী পরশু অ্যারেনা করিন্থিয়ানসে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
৬০ বছর পর আবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি সুইসদের সামনে। তবে সেই হাতছানির দিকে তাকিয়ে সুইসরা দেখতে পাচ্ছেন মেসি নামের এক শঙ্কা। শেষ আটে ওঠায় সবচেয়ে বড় বাধা হতে পারেন আর্জেন্টাইন জাদুকরই। সেই বাস্তবতা জেনে এবং মেনেও আশায় বুক বেঁধে আছেন সুইস গোলকিপার ডিয়েগো বেনাগিলো, ‘জানি ওকে আটকানো কঠিন। কিন্তু ওর স্কিলগুলো আমরা সবাই জানি, অনেক দেখেছি ওকে। যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি ওর মুখোমুখি হওয়ার।’
সমস্যা হলো, মেসির শ্রেষ্ঠত্বও ওখানে। সবাই তাঁর স্কিলগুলো জানে, তবু থামাতে পারে না। দুই বছর আগেই তো সেই অসহায় অভিজ্ঞতা হয়েছে সুইসদের! সুইজারল্যান্ড-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ যখন ১-১, শেষ দিকে মেসির দুই গোলে জিতেছিল আর্জেন্টিনা। প্রথম গোলটিও ছিল মেসিরই, তাঁর প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক। এর আগের ম্যাচে অবশ্য আর্জেন্টিনাকে আটকে দিতে পেরেিছল সুইজারল্যান্ড। সেটাই ভরসা দিচ্ছে বেনাগিলোকে, ‘ওদের বিপক্ষে সর্বশেষ যে দুই ম্যাচ আমরা খেলেছি, একদম খারাপ করিনি। যথেষ্ট সুযোগ পেয়েছি। এটা সত্যি, ওদের হারাতে হলে আমাদের প্রতিটি ফুটবলারকে সামর্থ্যের চূড়ায় থাকতে হবে। তবে হ্যঁা, আমরা অবশ্যই নিজেদের উজাড় করে দেব। ইতিহাস গড়তে চাই আমরা।’
দলের আর সব ম্যাচের মতো এই ম্যাচেও গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থক থাকবে অনেক। তবে ব্রাজিলিয়ানদের সমর্থন নিশ্চিতভাবেই যাবে সুইজারল্যান্ডের দিকে। এটাওকে একটা অনুপ্রেরণা মানছেন বেনাগিলো, ‘বুঝতে পারছি, আমরা প্রচুর সমর্থন পাব। ব্রাজিলের যাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই বলছে আর্জেন্টিনা ম্যাচে আমাদের পক্ষে গলা ফাটাবে। আর্জেন্টাইনও অনেক থাকবে। তবে আশা করি ব্রাজিলিয়ানদের সঙ্গে সুইসরা মিলে আমাদের ঘরের মাঠের একটা আবহ সৃষ্টি করবে সাও পাওলোতে।’ ফিফাডটকম, গোলডটকম।