মেসিকে রোনালদোর জবাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের মতো ফুটবলে সেঞ্চুরি হলে ব্যাট উঁচিয়ে দর্শক অভিবাদনের জবাব দেওয়ার কেতা নেই। থাকলে ভালো হতো। ক্রিস্টিয়ানো রোনালদো পরশু একটা সেঞ্চুরি করে ফেললেন! রিয়াল মাদ্রিদের হয়ে তৃতীয় মৌসুমেই শততম গোল করে ফেললেন পর্তুগিজ উইঙ্গার। আগের রাতে হ্যাটট্রিক করে ২০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। এ রাতে রোনালদো যেন ওটারই জবাব দিতে মরিয়া হয়ে ছিলেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না পেলেও তাঁর দুই অর্ধের দুই গোলে লিওঁকে তাদেরই মাঠে ২-০-তে হারাল রিয়াল। লিওঁর মাঠে প্রথম জয় নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে উঠে গেল তারা।রিয়াল মাদ্রিদ উঠে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানের মতো বাকি বড় দলগুলোকে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে। পরশু এই তিন দলই অবশ্য জয় তুলে নিয়েছে। নিজেদের মাঠে গালাতির বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে ম্যানইউ। ৮ মিনিটে আন্তোনিও ভ্যালেন্সিয়া তাদের প্রথম গোল এনে দিলেও আর কিছুতেই গোলমুখ খুলতে পারছিল না রেড ডেভিলরা। ৮৭ মিনিটে পাওয়া দ্বিতীয় গোলটি আত্মঘাতী। ইংলিশ প্রিমিয়ার লিগে গত তিন ম্যাচে এক পরাজয়, এক ড্র; চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে দুটি করে জয় আর ড্র—বোঝাই যাচ্ছে মাঝেমধ্যেই ছন্দ হারিয়ে ফেলছে স্যার ফার্গির শিষ্যরা।ম্যানচেস্টারের আরেক ক্লাব কিন্তু আছে ফর্মের তুঙ্গে। এদিন ইয়া তোরের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে এটি প্রতিপক্ষের মাঠে তাদের প্রথম জয়। সিটির অন্য গোলটি করেছেন মারিও বালোতেল্লি। ইয়া তোরে কিংবা রোনালদো—দুজনই একটুর জন্য হ্যাটট্রিক পাননি। তবে প্রতিপক্ষের জালে গুনে গুনে তিনটি গোল ভরতে ভুল করেননি মারিও গোমেজ। গত মৌসুম থেকেই (৪৫ ম্যাচে ৩৯ গোল) ফর্মের তুঙ্গে থাকা বায়ার্ন স্ট্রাইকার চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে ৪ ম্যাচে করেছেন ৬ গোল।তবে একটুর জন্য বৃথা যেতে বসেছিল ১৭, ২৩ ও ৪২ মিনিটে তিন গোলে পূর্ণ করা গোমেজের হ্যাটট্রিক। বায়ার্নের মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছিল নাপোলি। ৩-০ গোলে পিছিয়ে পড়লেও আর্জেন্টাইন ডিফেন্ডার ফেদেরিকো ফার্নান্দেজের জোড়া গোল (৪৫ ও ৭৯ মিনিট) ড্রয়ের আশা জাগায়। দুই দলের মধ্যেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। ফলাফল, দুই দলই দেখেছে একটি করে লাল কার্ড।শেষ পর্যন্ত বায়ার্নের ৩ পয়েন্ট দ্বিতীয় রাউন্ডের দিকে অনেকটাই এগিয়ে দিয়েছে তাদের। ইতালিয়ান লিগে খোঁড়াতে থাকা ইন্টার মিলানও এদিন পেয়েছে স্বস্তির জয়। দুই আর্জেন্টাইন ওয়াল্টার স্যামুয়েল ও ডিয়েগো মিলিতোর দুই অর্ধের দুটি গোলে লিলকে হারিয়েছে ২-১ ব্যবধানে। ৮৩ মিনিটে ডি মেলোর গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হারই মেনে নিতে হয়েছে ফরাসি ক্লাবটিকে। সিরি ‘আ’তে নয় ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে ১৭ নম্বরে থাকলেও চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে ইন্টার। এএফপি, রয়টার্স।