মেসিকে রোনালদোর 'ধন্যবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি ও রোনালদো। এ সময়ের তো বটেই, ইতিহাসের সেরা প্রতিদ্বন্দ্বী জুটিগুলোর একটি।
মেসি ও রোনালদো। এ সময়ের তো বটেই, ইতিহাসের সেরা প্রতিদ্বন্দ্বী জুটিগুলোর একটি।

তাঁদের শ্রেষ্ঠত্ব বিচার করতে গিয়ে প্রায়ই দুই ভাগ হয়ে যায় পুরো ফুটবল বিশ্ব। কে সেরা, সেই বিতর্কে একে-অপরের মুণ্ডুপাত করতেও ছাড়েন না মেসি-রোনালদোর ভক্তরা। টানা ছয়টি বছর ধরে ফিফার বর্ষসেরা ফুটবলের পুরস্কারটা যে নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে সমর্থকদের মধ্যে রেষারেষি যতই থাকুক, মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটাকে রোনালদো ইতিবাচকভাবেই দেখেন। মেসি আছে বলেই তিনি নিজেকে আরও শাণিত, আরও ক্ষুরধার ফুটবলার হিসেবে গড়ে তোলার অবিরাম চেষ্টা করেন। মেসি আছে বলেই দিনকে দিন তিনি আরও ভালো ফুটবলার হয়ে উঠছেন।
সেটা এবার রোনালদো নিজমুখেই স্বীকার করলেন। অবশ্য শুধু এক মেসির কথা বলেননি। মেসির পাশাপাশি উচ্চারণ করেছেন এ সময়ের আরও কজন সেরা ফুটবলারের নাম। রোনালদো বলেছেন, এখন প্রতিযোগিতাটা তীব্র বলেই সব সময় নিজের সর্বোচ্চটুকু নিংড়ে নিতে অনুপ্রাণিত হন। কদিন আগে ব্যালন ডি’অর জেতা রোনালদো বলেছেন, ‘প্রতিযোগিতাই আমাকে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে সহায়তা করেছে। মেসির সঙ্গে প্রতিযোগিতা তো আছেই, কিন্তু শুধু মেসি একা নয়। প্রিমিয়ার লিগ ও অন্যান্য লিগেও অনেক ভালো খেলোয়াড় আছে: লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার, গ্যারেথ বেল, ডিয়েগো কস্তা বা রাদামেল ফ্যালকাও। তারা নিজেদের খেলার মান দিনে দিনে আরও শাণিত করে। এ কারণে আমিও নিজেকে আরও ভালো অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করি।’
অবশ্য আসল প্রতিযোগিতা যে তাঁর মেসির সঙ্গে, সেটি শেষ পর্যন্ত লুকোতে পারেননি। তবে রোনালদো এও মনে করেন, তিনি আছেন বলেই মেসিও নিজেকে প্রতি দিনই আরেকটি মাত্রায় নিজেকে মেলে ধরতে মরিয়া হয়ে থাকেন। তাঁর নিজের ভালো থেকে ভালোতর হয়ে ওঠার পেছনে যেমন মেসির প্রভাব আছে, একইভাবে মেসিও নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার নেশায় মেতেছেন রোনালদো আছেন বলেই। ‘মেসি আর আমি, দুজনেই চাই সেরা হতে আর এ দিক দিয়ে আমরা একে অপরকে সহায়তাও করছি।’ বলেছেন রোনালদো।