মেসিকে সতীর্থদের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুর রাতটি লিওনেল মেসির জন্য ছিল এক বিশেষ রাত। ২২ বছর বয়সেই ক্লাবের হয়ে এই রাতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টাইন তারকা। ভাগ্যটা এমনই যে, স্প্যানিশ লিগে আগের দুই ম্যাচে হ্যাটট্রিক করা মেসি বিশেষ দিনটিতে একটা গোলও করতে পারলেন না, পারলেন না দলের কোনো গোলে অবদান রাখতে। তবে তাঁর মাইলফলকের ম্যাচটিকে স্মরণীয় করে দিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও বোজান কিরকিচ। এ দুজনের গোলেই ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে জিতে অন্তত ২৪ ঘণ্টার জন্য রিয়ালকে ছাড়িয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। তবে এ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের আসল রূপে দেখা যায়নি। এমনকি গোল পেতেও তাদের অপেক্ষা করতে হয়েছে ৭২ মিনিট পর্যন্ত। ন্যু ক্যাম্পে ওসাসুনা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, ৭২ মিনিটে সেটা ভাঙেন ইব্রাহিমোভিচ। কিরকিচের গোলটি খেলা শেষের ২ মিনিট আগে।কিরকিচ বদলি হিসেবে নেমে মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ গোল করছেন। তবে দারুণভাবে শুরু করা ইব্রাহিমোভিচ যেন গোলের রাস্তাটা এখন চিনতে পারছেন না। বার্সেলোনায় এসেই প্রথম চার ম্যাচে গোল পাওয়া ইব্রাহিমোভিচ ১০ গোল করে ফেলেছিলেন লিগ মাঝরেখা ছোঁয়ার অনেক আগেই। তবে মাঝে নিজেকে হারিয়ে খুঁজেছেন। পরশু পেলেন চতুর্দশ গোল। সতীর্থরা তাই ইব্রাহিমোভিচের গোলটি নিয়েই বেশি উচ্ছ্বসিত। দানি আলভেজ যেমন বললেন, ‘গোল করাই তাঁর কাজ! আমরা সবাই তার জন্য খুশি। আশা করছি, আবার তার গোল করা শুরু হয়ে গেল।’ইব্রাহিমোভিচের মতোই অবস্থা হয়েছিল সিরি ‘আ’তে তাঁর পুরোনো ক্লাব ইন্টার মিলানের। মাস দুই আগেও শিরোপা লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮-১০ পয়েন্ট এগিয়ে ছিল তারা। কিন্তু মাঝে ৭ ম্যাচে একটি জয়সহ মাত্র ৮ পয়েন্ট পেয়েছে তারা। এই সুযোগে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের সঙ্গে এএস রোমাও চলে এসেছে তাদের খুব কাছে। শিরোপা লড়াইটাও উঠেছে জমে। তবে পরশু আবার পাল্লাটা ইন্টারের দিকে ঝুঁকে পড়েছে। স্যামুয়েল ইতোর জোড়া গোলের সঙ্গে মাইকনের গোলে নিজেদের মাঠে লিভর্নোকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার। আর শিরোপা লড়াইয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এসি মিলান পার্মার মাঠ থেকে হেরে এসেছে ০-১ গোলে।পয়েন্ট তালিকায় দুই মিলানের পয়েন্ট ব্যবধান এখন ১ থেকে বেড়ে হয়েছে ৪। ৩০ ম্যাচে ইন্টার মিলানের পয়েন্ট ৬৩। এসি মিলানের ৫৯। জন আর্নে রিসা ও হুলিও ব্যাপ্টিস্টার গোলে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়ে মিলানের কাঁধ ঘেঁষেই আছে রোমা (৫৯ পয়েন্ট)।ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইটা জমে উঠেছিল আগে থেকেই। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর আর্সেনালের ত্রিমুখী লড়াইয়ে আগের ম্যাচে ড্র করে চেলসি একটু পিছিয়ে পড়েছিল। পোর্টসমাউথকে ৫-০ গোলে হারিয়ে সেটা পুষিয়ে নিয়েছে তারা পরশু। দিদিয়ের দ্রগবা ও মালুদা করেছেন জোড়া গোল। অন্য গোলটি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। ৩১ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যানইউ। ৬৯ পয়েন্ট তাদের। এক পয়েন্ট পিছিয়ে চেলসি দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৭।