মেসিকে সরাবে কোনো জার্মান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজফেল্ড
হিজফেল্ড

২০১৩ সালের ফিফা-ব্যালন ডি’অর জিতবেন কে? টানা চারবার পুরস্কারটা জিতে লিওনেল মেসি যেন পুরস্কারটাকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছেন। যেভাবে গোল করে যাচ্ছেন, তাতে এবারও মুকুট ধরে রাখতে পারেন। বড় দাবিদার হবেন ক্রিস্টিয়ানো রোনালদোও। তবে এই দুজনকে পেছনে ফেলে পুরস্কারটি উঠতে পারে বায়ার্ন মিউনিখ কিংবা বরুসিয়া ডর্টমুন্ডের কোনো খেলোয়াড়ের হাতে। আরও নির্দিষ্ট করে বললে, মেসিকে সিংহাসনচ্যুত করে ফিফা-ব্যালন ডি’অর জিততে পারেন টমাস মুলার, মারিও গোটশে কিংবা রবার্ট লেভানডফস্কির কেউ।

বিস্ময়ে ভ্রু কুঁচকানোর আগে জেনে রাখুন ভবিষ্যদ্বাণীটা করেছেন ওটমার হিজফেল্ড। কোচ হিসেবে জার্মান এই ভদ্রলোক নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরাদের আসনে। ইতিহাসে ভিন্ন দুটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপ জেতা মাত্র তিন কোচের একজন তিনি। অন্য দুজন আর্নেস্ত হ্যাপেল ও হোসে মরিনহো। লিগ, চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৮টি বড় শিরোপা জেতা ডর্টমুন্ড ও বায়ার্নের সাবেক এই কোচকে ডাকা হয় ‘দ্য জেনারেল’ নামে। বিশ্ব ফুটবলে সুইজারল্যান্ডের বর্তমান কোচের কথার আলাদা একটা মর্যাদা আছে।

২০০১ সালে বায়ার্নকে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ১৯৯৬-৯৭ মৌসুমে ডর্টমুন্ডের একমাত্র চ্যাম্পিয়নস লিগ শিরোপাটিও আসে তাঁর হাত ধরে। তাই এবারের অল-জার্মান ফাইনালে যারাই জিতুক, শিরোপাটি যাচ্ছে হিজফেল্ডের সাবেক ক্লাবেই। ৬৪ বছর বয়সী হিজফেল্ড মনে করেন, চ্যাম্পিয়নস লিগে অসাধারণ পারফরম্যান্সই ফিফা-ব্যালন ডি’অর এনে দেবে বায়ার্ন কিংবা ডর্টমুন্ডের ঘরে। ‘বায়ার্ন ও ডর্টমুন্ডের খেলোয়াড়দের সুযোগ আছে এ বছর ফিফা-ব্যালন ডি’অর জয়ের। চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ’—কিকারকে বলেছেন হিজফেল্ড।

সেমিফাইনালে মেসি-রোনালদোর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে মুলার-লেভানডফস্কিদের বায়ার্ন-ডর্টমুন্ড। তাতে মুলার-লেভানডফস্কি দুজনেরই বড় অবদান। দুই লেগ মিলিয়ে বার্সাকে ৭-০-তে বিধ্বস্ত করতে বায়ার্ন ফরোয়ার্ড মুলার করেছেন ৩ গোল। প্রথম লেগে জোড়া গোল, দ্বিতীয় লেগে একটি। অন্যদিকে রিয়ালের বিপক্ষে প্রথম লেগে লেভানডফস্কি একাই করেছিলেন ৪ গোল। সব মিলিয়ে ডর্টমুন্ডের পোলিশ স্ট্রাইকার এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (১০)। মুলার করেছেন ৮ গোল।

হিজফেল্ডের বিবেচনায় এই দুজনের সঙ্গে বায়ার্নে নাম লেখানো গোটশেও ব্যালন ডি’অরের দাবিদার থাকবে, ‘বিশেষ করে টমাস মুলার এই মৌসুমে আমাকে মুগ্ধ করেছে। সে অবিশ্বাস্য উন্নতি করেছে। এবং রবার্ট লেভানডফস্কিও। গোটশেও বিশ্বমানের। তার দলবদলটাই তাকে উদ্বুদ্ধ করতে পারে। চ্যাম্পিয়নস লিগ জিতে আসতে পারলে মিউনিখে তার শুরুটা হবে সহজ হবে।’

হিজফেল্ডের ভবিষ্যদ্বাণী ফলে গেলে ১৭ বছরের অপেক্ষার অবসান হবে জার্মানদের। বুন্দেসলিগার খেলোয়াড় হিসেবে সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ম্যাথিয়াস সামার, ১৯৯৬ সালে। যিনি আবার বর্তমানে বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক। ওয়েবসাইট।