মেসিকে হারিয়েও সেই বার্সা

আগের পাঁচ ম্যাচে জয়হীন। অবস্থান পয়েন্ট তালিকার তলানিতে। মরিয়া রিয়াল বেটিস ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ছিল উজ্জীবিত। তাদের আক্রমণের মুখে বার্সেলোনা রীতিমতো কাঁপছিল! এ অবস্থায় ২১ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। বার্সা শিবিরে তখন শঙ্কার উড়ন্ত মেঘ—তবে কি মৌসুমের প্রথম হারই অপেক্ষা করছে তাদের জন্য?
সেই শঙ্কা অবশ্য মুছে যেতে সময় লাগেনি। হার তো নয়ই, শেষ পর্যন্ত মেসিবিহীন-বার্সা জিতেছে ৪-১ গোলে। সেস্ক ফ্যাব্রিগাস করেছেন জোড়া গোল, নেইমার ও পেদ্রো করেছেন একটি করে। শেষ দিকে দানি আলভেস ওই পাগলামিটা না করলে নিজেদের গোলবার অক্ষতই থাকে! তবে যেটা হয়েছে কোচ জেরার্ডো মার্টিনো তাতেই খুব খুশি, ‘প্রথম আধঘণ্টা আমরা সেখানেই খেলেছি, বেটিস আমাদের যেখানে খেলাতে চেয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতেও একই ঘটনা ঘটেছে। কাজেই পারফরম্যান্স বিবেচনায় একটা গোল তাদের পাওনাই ছিল। কিন্তু সর্বোপরি আমরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ম্যাচটা খেলেছি।’
শুরুতেই আক্রমণের ঢেউ তোলা বেটিস গোলের ভালো সুযোগই পেয়েছে। গ্লাভস হাতে ভিক্টর ভালদেস অসাধারণ হয়ে না উঠলে তারা এগিয়েও যেতে পারত। মেসির পরিবর্তে আন্দ্রেস ইনিয়েস্তা মাঠে নামলেও বার্সার কাঁপুনি আরও বেড়ে গিয়েছিল। ৩৫ মিনিটে বার্সা শিবিরে স্বস্তি আনেন নেইমার। ফ্যাব্রিগাসের আলতো ক্রস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর দুই মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন পেদ্রো, অনেকটা একক প্রচেষ্টায়। দ্বিতীয়ার্ধে ফ্যাব্রিগাসের জোড়া গোলে নিশ্চিত হয় জয়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দানি আলভেসের কল্যাণে পেনাল্টি পেয়ে বেটিস ব্যবধান কমিয়েছে। এই জয়ে বার্সেলোনার শীর্ষস্থান আরও সংহত হয়েছে। কারণ, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ হোঁচট খেয়েছে। একই সন্ধ্যায় ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়ালের সঙ্গে। অ্যাটলেটিকোর চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। ১৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৭, অ্যাটলেটিকোর ৩৩, রিয়ালের ৩১।
নিজেদের জয়, প্রধান প্রতিদ্বন্দ্বীর হোঁচট খাওয়া—পরশুর দিনটি সিরি ‘আ’তে একই রকম সৌভাগ্য বয়ে এনেছে জুভেন্টাসের জন্যও। শীর্ষে তো রোমাই, দুই দল মাঠে নামার আগে গোল ব্যবধানে জুভেন্টাসের চেয়ে এগিয়ে ছিল নাপোলিও। সেই নাপোলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। ওদিকে রোমা খেয়েছে হোঁচট। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও রোমা ১-১ গোলে ড্র করেছে লিগে নবাগত সাস্সুয়োলোর সঙ্গে। প্রথম ১০ ম্যাচে জয়ের রেকর্ড গড়া রোমার এটি টানা দ্বিতীয় ড্র। ফল, নাপোলিকে তিনে ঠেলে ইতালির বর্তমান চ্যাম্পিয়নরা দুইয়ে উঠেছে। শীর্ষ দল রোমার সঙ্গেও তাদের মাত্র ১ পয়েন্টের ব্যবধান। ১২ ম্যাচে রোমার পয়েন্ট ৩২, জুভেন্টাসের ৩১, নাপোলির ২৮।