মেসিকে 'খাটো' করে পরিচালক বরখাস্ত!
পিয়ের গ্রাতাকস লোকটা হয় খুব বেশি সাহসী, নয়তো সহজ-সরল। না হলে দলের সেরা খেলোয়াড়কে নিয়ে এভাবে উল্টাপাল্টা মন্তব্য কেউ করে! গ্রাতাকস সেটি করেছেন এবং মূল্যও দিয়েছেন। লিওনেল মেসিকে নিয়ে তির্যক মন্তব্য করায় ন্যু ক্যাম্পের অনুশীলন ও শিক্ষা পরিচালক গ্রাতাকসকে বরখাস্ত করেছে বার্সা।
গ্রাতাকস যা বলেছিলেন তা ভুল কি না, সেটি নিয়ে এখন তর্ক চলছে। ফুটবল দলগত খেলা, তাতে একজন খেলোয়াড়ের অন্যদের সাহায্য তো নিতেই হয়। শুক্রবার মাদ্রিদে কোপা ডেল রের শেষ আটের ড্রয়ের পর সে রকমই বলেছিলেন গ্রাতাকস, ‘লিও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। তবে দলটা শুধু ওকে নিয়েই নয়। ইনিয়েস্তা, নেইমার ও অন্যরা না থাকলে ও এত ভালো হতে পারত না। তবে এই মুহূর্তে মেসি সেরা।’
বার্সা বি-তে অনেক দিন খেলেছেন, এত দিন লা মেসিয়ার পরিচালনাতেও সম্পৃক্ত ছিলেন গ্রাতাকস। ক্লাবের সঙ্গে দীর্ঘদিন জড়িত একজনের মুখে মেসিকে নিয়ে এমন বাঁকা কথা বিতর্কের জন্ম দিয়েছে বার্সেলোনায়। মন্তব্যটা করেছেনও এমন সময়ে, যখন মেসির চুক্তি নবায়ন নিয়ে দেখা দিচ্ছে সংশয়। তার ওপর স্প্যানিশ দৈনিক দিয়ারিও স্পোর্ত ২০১০ সালের একটি প্রতিবেদন প্রকাশ করেছে নতুন করে, যেখানে গ্রাতাকস বলেছিলেন, ‘আফ্রিকাতেও এমন অনেক মেসি আছে। আমি মেসির কোচ ছিলাম, এরপর অনেক খেলোয়াড়ও দেখেছি। আমি বলছি, ওর মানের অনেক খেলোয়াড়ই আছে।’ ইএসপিএন।