মেসিকে 'বন্দী' করবে বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিকে ‘বন্দী’ করার ছক কষছে বেলজিয়াম ছবি: এএফপি।
মেসিকে ‘বন্দী’ করার ছক কষছে বেলজিয়াম ছবি: এএফপি।

আর্জেন্টিনার প্রতিটি জয়ের নায়ক তিনি। লিওনেল মেসি যে আজও বেলজিয়ামের বিপক্ষে নায়ক হতে চাইবেন, জাদুকরি খেলায় মোহিত করতে চাইবেন ভক্তদের, এ কথা বলাই বাহুল্য। এর পরও প্রশ্নটা করতে হচ্ছে, মেসি কি পারবেন আজও বেলজিয়ামের বিপক্ষেও তাঁর খেলার ধারাবাহিকতা ধরে রাখতে?

প্রশ্নটা আসছে কারণ, মেসিকে ঠেকানোর সব পরিকল্পনা নিয়েই আজ মাঠে নামছে বেলজিয়াম। এখন পর্যন্ত নিজেদের চারটি ম্যাচেই জয় পাওয়া বেলজিয়াম খুব ভালো করেই জানে, শেষ চারের টিকিট পেতে হলে সবার আগে রীতিমতো ‘বন্দী’ করতে হবে আর্জেন্টাইন জাদুকরকে। মেসিকে ঠেকিয়ে রাখা মানে যে এক অর্থে আর্জেন্টিনাকেই ঠেকিয়ে রাখা! প্রতিটি ম্যাচে তাঁর ভেলায় চড়েই তো জয় পাচ্ছে আর্জেন্টাইনরা।

সাধারণত ম্যাচের আগে প্রতিটি দল তাদের কৌশল গোপন রাখে। কথাবার্তাতেও থাকে সতর্ক। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে এমন কিছুর প্রয়োজনীয়তা অনুভব করেনি বেলজিয়াম। স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের প্রধান কৌশল মেসিকে ‘খোলসবন্দী’ করে ফেলা। তাঁকে তাঁর মতো করে খেলতে না দেওয়া। বেলজিয়ান ডিফেন্ডার ইয়ান ভার্তোনের কথাতেই তা স্পষ্ট, ‘একটা দল হয়ে খেলতে হবে আমাদের। মেসি যদি একজনকে অতিক্রম করে, ওকে থামানোর জন্য দ্বিতীয় ও তৃতীয় খেলোয়াড়ও প্রস্তুত থাকবে।’

আর্জেন্টিনাকে সতর্ক করে দিতেও ভোলেননি ভার্তোনে, ‘আমরা এমন একটা দল, যাদের বিপক্ষে প্রস্তুতি নেওয়া ও খেলা যেকোনো দলের জন্য কঠিন। বিভিন্ন পদ্ধতিতে খেলতে পারি আমরা। দলে প্রচুর ভালো খেলোয়াড় রয়েছে। একই দলে বিভিন্ন বৈশিষ্ট্যের খেলোয়াড় থাকাটা সচরাচর দেখা যায় না। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে একদমই ভীত নই আমরা।’

মেসিকে ঠেকানোর মূল দায়িত্বটা দেওয়া হয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার এডেন হ্যাজার্ডকে। ২৩ বছর বয়সী হ্যাজার্ডই বেলজিয়ামকে জয় এনে দেবে বলে বিশ্বাস উইঙ্গার কেভিন মিরালাসের, ‘আমাদের দলে হ্যাজার্ড রয়েছে। ওকে হয়তো মেসি বা রোনালদোর সঙ্গে তুলনা করা যাবে না, তবে সে অবশ্যই বিশেষ কিছু।’ মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল তো এ ম্যাচকেই বেলজিয়ামের সবচেয়ে ‘সহজ’ ম্যাচ হিসেবে দেখছেন, ‘গ্রুপ পর্বে খুব সতর্ক দলগুলোর সঙ্গে খেলতে হয়েছে আমাদের। তাদের বিপক্ষে ম্যাচগুলো তাই কঠিন ছিল। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক খেলা খেলেছে বলে আমরা বেশ জায়গা পেয়েছিলাম। আর্জেন্টিনার বিপক্ষেও একই রকম খেলা প্রত্যাশা করছি। সে ক্ষেত্রে আমরাও জায়গা নিয়ে খেলতে পারব। এখন পর্যন্ত আর্জেন্টাইনরা কিন্তু পুরোপুরি ভালো খেলতে পারেনি।’ সূত্র: রয়টার্স।