মেসিকে ‘মুক্ত’ রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপটা মেসির হবে—এমন আলোচনা অনেক দিন ধরেই। পাহাড়সমান চাপ তার মাথার ওপর। নিজেকে প্রমাণের একটা মোক্ষম সুযোগ নিশ্চয়ই এত দিন চাইছিল মেসি। আজ নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, মেসি-ম্যাজিক দেখার অপেক্ষারও শেষ।মেসি বার্সেলোনার হয়ে যেমন খেলে, দেশের জন্য ততটা পারে না—এমন অপবাদ মেসির গায়ে যেন সেঁটেই গেছে। এ থেকে বেরিয়ে আসতে মেসি নিশ্চয়ই মুখিয়ে আছে।তবে ওকে কড়া পাহারায় রাখবে নাইজেরিয়া। এখন কথা হচ্ছে, মেসিকে কীভাবে কাজে লাগাবেন ম্যারাডেনা? ওকে কি একদম ওপরে রাখবেন, নাকি একটু পেছনে? সিদ্ধান্তটা ম্যারাডোনার। তবে আমার মতে, মেসিকে মেসির মতো করেই খেলতে দেওয়া উচিত। যেটা সে বার্সেলোনায় খেলে। ম্যারাডোনাকে বলতে হবে, ‘তোমাকে অনেক জায়গা দিচ্ছি। তুমি মুক্ত।’একটা বড় সুবিধা তো ম্যারাডোনা পাবেনই। তিনি নিজেও ইউরোপে খেলেছেন। নিশ্চয়ই জানেন কীভাবে নিজের সেরা অস্ত্রটিকে ব্যবহার করবেন। তাঁর ছকটা যদি এমন হয়, মেসিকে পাস দিতে গিয়ে ডামি করে পাসটা দিল না সতীর্থ কেউ। দেখা যাবে মেসি বল না পেলেও দৌড় শুরু করার সঙ্গে সঙ্গে তার পিছু নিয়েছে প্রতিপক্ষের দুজন-তিনজন খেলোয়াড়। এরই সুযোগে তৈরি হওয়া ফাঁকা জমিনটা আর্জেন্টিনার জন্য বিরাট এক সুবিধাই।বলতে পারেন, এই সুবিধা বিশ্বকাপের বাছাইপর্বে কেন নিতে পারেনি আর্জেন্টিনা? কেন মেসি তখন অনুজ্জ্বল ছিল? অনেক কারণই থাকতে পারে। অনেক দিন ধরে বার্সেলোনার খেলায় সতীর্থদের সঙ্গে মেসির খুব ভালো বোঝাপড়া। পেছন থেকে জাভি-ইনিয়েস্তারা সার্ভিস দিচ্ছে মেসিকে। আর ওই সার্ভিস কখন কীভাবে পাবে, সেটা মুখস্থই হয়ে গেছে মেসির। মেসি এই দৌড়টা নেবে, কোন পাসটায় সে নিজে রান না নিয়ে অন্যের জন্য সুযোগ করে দেবে, এটা একটা ছান্দসিক ব্যাপার হয়ে গেছে।ধরুন, নির্দিষ্ট কোনো সতীর্থের কাছে বল থাকলে মেসি তার একটা বিশেষ দৌড় শুরু করে দিল। জাতীয় দলে যাওয়ার পর এই জিনিসটা পায় না সে। জাতীয় দলের সঙ্গে ১৫-২০ দিনের বেশি তো তার থাকা হয়নি। তবে এসব কোনো ব্যাপার নয়, আমার বিশ্বাস মেসি দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে।ম্যাচ প্রসঙ্গে আসছি। নাইজেরিয়া একটু পাওয়ার ফুটবল খেলে। তাদের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপে খেলে বলে ইউরোপের ধাঁচটা থাকবে। কিন্তু ওদের সমস্যা হবে, ট্যাকনিক্যালি আর্জেন্টিনার খেলোয়াড়েরা অনেক এগিয়ে। আফ্রিকার অন্য দেশগুলোর জন্যও এটা প্রযোজ্য।মানসিকতা, ধৈর্য—এই জিনিসগুলো যদি নাইজেরিয়া ভালোভাবে ধরে রাখতে পারে তাহলে হয়তো তারা আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারবে। আগের তুলনায় আফ্রিকানরা এখন একটু পরিণত। শারীরিক সক্ষমতা তাদের বড় সম্পদ। তবে তা দিয়ে আর্জেন্টিনার সঙ্গে পাত্তা পাবে বলে মনে হয় না। ব্যক্তিগত নৈপুণ্য আর ট্যাকটিকাল আচরণ—যেকোনো দিক থেকেই খেলাটা বদলে দিতে পারে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। নাইজেরিয়া তুমুল গতিতে খেলা শুরু করল, আর্জেন্টিনা তখন কৌশলে খেলা থামিয়ে দেবে। নাইজেরিয়ানরা মেজাজ হারাবে...ব্যস...খেলাই শেষ!প্রায় প্রতিটি বিশ্বকাপের আগেই ইংল্যান্ডকে নিয়ে মাতামাতি করে ওদের সংবাদমাধ্যম। তবে ইংল্যান্ডকে নিয়ে এমন মাতামাতি আমার কাছে বাড়াবাড়িই মনে হচ্ছে। অন্তত আমার হিসেবে ইংল্যান্ডকে সম্ভাব্য শিরোপাজয়ীদের দলে রাখছি না। রক্ষণের অন্যতম সেরা স্তম্ভ এবং অধিনায়ক রিও ফার্ডিনান্ড চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। এটাও সত্য, ওদের ক্যাপেলোর মতো একজন ভালো ট্যাকটিশিয়ান আছেন। তবে আজকের ম্যাচে ১৯৫০ বিশ্বকাপের সেই অঘটনের মতো যুক্তরাষ্ট্র এবারও কিছু একটা করতে চাইবে। তাই সাবধান ইংল্যান্ড!