মেসিকেই বিশ্বসেরা বললেন জাভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাভি, ইনিয়েস্তা ছাড়া লিওনেল মেসি অচল—প্রায়ই অভিযোগটা করে থাকেন মেসির সমালোচকেরা। দেশের হয়ে কোপা আমেরিকায় আরেকবার ব্যর্থ হওয়ার পর অভিযোগটা যেন ‘সার্থক’ রূপ নিয়েছে। তবে মেসির সফলতার পেছনে সমালোচকেরা যাঁদের কৃতিত্ব দিয়ে থাকেন, তাঁদেরই একজন জাভি হার্নান্দেজ ঘোষণা দিয়েছেন—মেসিই বিশ্বসেরা।‘লিও বিশ্বের সেরা ফুটবলার। ওকে নিয়ে যেসব সমালোচনা চলছে, তা দুঃখজনক’—আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন জাভি।বার্সেলোনায় মেসির সতীর্থ জাভির মূল্যায়ন, কোপা আমেরিকায় ‘অসাধারণ’ খেলেছেন মেসি। তাহলে চার ম্যাচে খেলে কেন গোলের দেখা পেলেন না বার্সার হয়ে প্রতিপক্ষকে গোল-বন্যায় ভাসিয়ে দেওয়া মেসি? কেনই-বা কোয়ার্টার ফাইনালেই বিদায়ঘণ্টা বেজে গেল স্বাগতিক আর্জেন্টিনার? জাভির মতে, এর কারণ মাঠের বাজে অবস্থা, ‘কোপার কিছু মাঠের অবস্থা ভালো ছিল না। ভালো খেলার পূর্বশর্ত হলো, মাঠে মানসম্মত ঘাস থাকতে হবে। না হলে কৌশলের চেয়ে শারীরিক দিকটাই মুখ্য হয়ে ওঠে।’ রয়টার্স।