মেসিকেও ছাড়িয়ে যাবেন নেইমার!
জুরিখে বর্ষসেরা পুরস্কারের রাতটি নিরাশ করেনি নেইমারকেও। বছরের সেরা গোলের পুরস্কার পেয়েছেন ব্রাজিলিয়ান তরুণ। সান্তোস তারকা চাইলে বছরের সেরা গোলের পুরস্কারের সঙ্গে স্বদেশি রোনালদোর ভবিষ্যদ্বাণীকেও যোগ করে নিতে পারেন প্রাপ্তির খাতায়।পরশু উত্তরসূরির প্রশংসা করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদো বললেন, একদিন নেইমার মেসিকেও ছাড়িয়ে যাবে। তবে একটা শর্ত আছে। নেইমারকে আগে পাড়ি জমাতে হবে ইউরোপে। রোনালদোর বিশ্বাস, ইউরোপের বড় কোনো ক্লাবে যোগ দিলেই নেইমার হয়ে উঠবেন মেসির চেয়ে ভালো ফুটবলার। ‘নেইমার শুধু মেসির সমানই হবে না, হতে পারে আরও ভালো ফুটবলার। স্রেফ ব্রাজিলে পড়ে থাকার মতো প্রতিভা সে নয়। সে এমন এক প্রতিভা, যা আমরা রপ্তানি করতে পারি এবং তাকে বিশ্বে কর্তৃত্ব স্থাপনের সুযোগ দিতে পারি। ইউরোপিয়ান ফুটবলের মর্যাদা এবং প্রতিদ্বন্দ্বিতা বিশাল’—নেইমারে অগাধ আস্থা রোনালদোর। ওয়েবসাইট।