মেসিকেও তৃপ্তি দিচ্ছে প্রথম গোলটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার পেরিয়ে ম্যাচ পাঁচ মিনিটের ঘরে পড়েছে। ঠিক তখনই এল জাদুকরি এক গোল। যে গোলটাই আসলে ঠিক করে দিল পরবর্তী ৮৫ মিনিটের গতিপথ। লিওনেল মেসিও বলছেন, এসি মিলানের বিপক্ষে তাঁর প্রথম গোলটাই ছিল ম্যাচের আসল মুহূর্ত। এই ম্যাচে কমপক্ষে ৩-০ গোলে জেতার সমীকরণের চাপ সামলে ঠিকই জিতে গেল বার্সেলোনা। উয়েফাডটকমকে মেসি বলেছেন, ‘পঞ্চম মিনিট থেকেই, যখন আমরা মহাগুরুত্বপূর্ণ গোলটি পেলাম, ম্যাচে মিলানকে আমরা আর দাঁড়াতেই দিইনি।’প্রথম গোলটা মেসি করেছেন ব্যাখ্যাতীতভাবে। মেসি নিজেও এর ভালো ব্যাখ্যা দিতে পারলেন না, ‘আমরা প্রথম গোলটা যত দ্রুত সম্ভব পেয়ে ঘাটতিটা কমাতে চাইছিলাম এবং আমাদের সমর্থকদের মনে এই অনুভূতি ছড়িয়ে দিতে চাইছিলাম, আমাদের পক্ষে সম্ভব। বলটা আমার কাছে এসেছিল বিদ্যুচ্চমকের মতো। আমিও সেভাবেই সেটাকে পাঠিয়ে দিয়েছি (জালে)। এ কারণেই প্রথম গোলটার পর আমরা এতটা বাঁধভাঙা উদ্যাপন করেছি।’এই ম্যাচটা যেন নিখুঁত এক শিল্পকর্ম ছিল বার্সেলোনার জন্য। মেসি নিজেও বলছেন, ‘সবকিছু একেবারে ঠিকমতো হয়েছে। আমি মনে করি, আমাদের সমর্থকেরাও জানত আমরা কীভাবে দুঃসময়ের জবাব দেব। আমরা খেলোয়াড়েরা জানতাম, আমাদের খেলার ছন্দটা পুনঃপ্রতিষ্ঠা করা কতটা জরুরি। এটা সেই বার্সা, যেটা আমরা এবং আমাদের সমর্থকেরা প্রতি ম্যাচে দেখতে চায়।’মাত্র কয়েক ম্যাচের ব্যর্থতায় নিন্দুকেরা হরেক রকম কথা বললেও নিজেদের ওপর আস্থা হারায়নি বলেই জানালেন মেসি, ‘এ ধরনের খেলা আমরা কয়েক বছর ধরেই খেলে যাচ্ছি। হ্যাঁ, গত কয়েক ম্যাচে আমরা হয়তো খানিকটা ফর্ম হারিয়ে ফেলেছিলাম। আমরা জানতাম, পরের রাউন্ডে যেতে হলে আমাদের নিজেদের ফিরে পেতেই হবে। এ রকমই একটা রাতের দরকার ছিল আমাদের। শুধু পরের রাউন্ডে যাওয়ার জন্য নয়, মিলানে গিয়ে হেরে আসার স্মৃতিটা মুছে ফেলার জন্যও।’ এএফপি।