মেসিকে'মুক্তি' দিতে আর্জেন্টিনাকে বার্সার অনুরোধ

না, আর্জেন্টিনার সমর্থকেরা ঘাবড়ে যাবেন না। চিরতরে আর্জেন্টিনার দায়িত্ব থেকে লিওনেল মেসির মুক্তি চাইছে না বার্সেলোনা। সেই চাওয়া হতো বাড়াবাড়ির চূড়ান্ত। মেসি শুধু আর্জেন্টিনার অধিনায়কই নন, দলের প্রধান স্তম্ভও। আসলে আগামীকাল (বাংলাদেশ সময় বুধবার সকালে) বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ আছে আর্জেন্টিনার। প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচ জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে মেসিদের। বাছাইপর্বের শেষ দুটো ম্যাচ তখন আর্জেন্টিনার জন্য হবে অগুরুত্বপূর্ণ।
বার্সার চাওয়া, আগামীকাল বিশ্বকাপ নিশ্চিত করে ফেললে মেসিকে যেন অক্টোবরের ওই দুই ম্যাচে ছুটি দিয়ে দেওয়া হয়। এমনিতে অক্টোবরে বার্সার বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এর মধ্যে আছে রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌসুমের প্রথম এল ক্লাসিকোও।
আগামীকাল হেরে গেলেও বিশ্বকাপ নিশ্চিত হতে পারে আর্জেন্টিনার। সে ক্ষেত্রে অবশ্য বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে তাদের। বুধবার সকাল সাতটা ৪০ মিনিটের শুরু হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স এইচডি।