মেসিতে মুগ্ধ ডি স্টেফানো
ক্লাবের হয়ে দুর্দান্ত, কিন্তু জাতীয় দলের হয়ে তেমন নন—এমন একজন আর্জেন্টাইন ফুটবলারের নাম বলুন। না, লিওনেল মেসি নন, মেসির মতোই ‘দুর্ভাগা’ আছেন আরেকজন—আলফ্রেডো ডি স্টেফানো!সর্বকালের সেরা কিংবদন্তিদের ছোট্ট তালিকায়ও থাকবে ডি স্টেফানোর নাম। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ-পাঁচবার ইউরোপিয়ান কাপ (এখনকার চ্যাম্পিয়নস লিগ) জিতেছেন! স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে সুবর্ণ সময়টায় এগারো মৌসুম খেলে ৩৯৬ ম্যাচে করেছেন ৩০৭ গোল! সেই ডি স্টেফানো আর্জেন্টিনা দলের হয়ে জিতেছেন মাত্র একটাই শিরোপা—১৯৪৭ কোপা আমেরিকা। মেসি যেমন এখন পর্যন্ত জিতেছেন কেবল ২০০৮ অলিম্পিক ফুটবল।আর্জেন্টিনার এই সাবেক কিংবদন্তি ৮৫ বছর বয়সেও ফুটবলের সঙ্গে যুক্ত। রিয়াল মাদ্রিদের সাম্মানিক আজীবন সভাপতি পদে আছেন। ডি স্টেফানো হতে পারেন রিয়ালের, কিন্তু তার পরও মেসির গুণে মুগ্ধ। মেসিকে আর্জেন্টিনা দলের নেতৃত্ব দেওয়ায় দারুণ খুশি এই ‘ব্লন্ড অ্যারো’, ‘জাতীয় দলের অধিনায়কত্ব হলো একটা সম্মান, এটা মেসিরই প্রাপ্য। কারণ, অধিনায়কের সব গুণই ওর আছে। ও লড়াকু, অসীম ওর প্রতিভা।’মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ভালো করবে বলেও বিশ্বাস ডি স্টেফানোর, ‘ফুটবলার হিসেবে ও আরও উন্নতি করবে। আমি তাই নিশ্চিত, ওকে অধিনায়ক বানানোয় দলটা আরও সুসংঘবদ্ধ হয়ে উঠবে। কারণ, দলের সবাই ওকে সমীহ করে।’মেসির খেলা সব সময় উপভোগ করেন বলেও জানালেন। তবে মেসি যখন তাঁরই দলের বিপক্ষে দুর্দান্ত খেলেন, সেটি আর উপভোগ করে ওঠা হয় না! মজা করেই স্টেফানো বলছেন, ‘ওকে খেলতে দেখাটাও অন্য রকম এক অনুভূতির জন্ম দেয়। ওর গোলগুলোও পুলকিত করে। কিন্তু ও যখন আমার রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে, সেটা উপভোগ করতে পারি না।’ এএফপি।