মেসিতে রক্ষা বার্সার, হারল রিয়াল
দুটি ম্যাচেরই স্কোরলাইন ২-১। তবে দুই স্প্যানিশ পরাশক্তিকে এটি দিয়েছে দুই রকম অভিজ্ঞতা। পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। আর এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। দুটি দলই লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলতে গিয়েছিল প্রতিপক্ষের মাঠে। বার্সেলোনা-রিয়ালের নাম ও ঐতিহ্যের সামনে নিতান্তই নিম্নমধ্যবিত্ত প্রতিপক্ষ। বার্সেলোনা খেলেছে ওসাসুনার সঙ্গে। নগর প্রতিবেশী গেটাফের সঙ্গে রিয়াল।নিজেদের মান অনুযায়ী কুৎসিত খেলা বার্সেলোনা হারতে হারতে জিতেছে, এটা বলার মধ্যে কোনো ঝুঁকি নেই। লিওনেল মেসির ৭৫ ও ৮০ মিনিটের দুটি ম্যাজিক-গোলই বাঁচিয়ে দিয়েছে তাদের। কিন্তু রিয়াল মাদ্রিদ জিততে জিততে হেরেছে, এটা ঠিক বলা যাচ্ছে না। যদিও চ্যাম্পিয়নদের শুরুটা ছিল দুর্দান্ত। ২৭ মিনিটে ডি মারিয়ার বানিয়ে দেওয়া বলে হিগুয়েইন দুরূহ কোণ থেকে রিয়ালকে এগিয়ে দেওয়ার পর মৌসুমের প্রথম জয়ের ছটাটা দেখা যাচ্ছিল দূর দিগন্তে। কিন্তু এরপর সময় যত এগোল, গেটাফে আক্রমণে-প্রতিরোধে ততই শক্তিশালী হয়ে উঠল। বড় প্রতিবেশীর খিড়কি দরজায় ঢিল ছোড়া বেয়াড়া খুদে প্রতিপক্ষের মতো। এবং আশ্চর্য, হোসে মরিনহোর দাপুটে সব তারকাকে কেমন ঝিমিয়ে পড়তে দেখা গেল। বারবার বল হারাচ্ছিলেন ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলো। ওজিল ১৫ মিনিটে ফাঁকা পোস্টের সামনে থেকেও আশ্চর্যজনকভাবে গোল করতে ব্যর্থ। সবচেয়ে বড় নাম ক্রিস্টিয়ানো রোনালদোও ব্যতিক্রম নন। কারণ হতে পারে, তাঁকে প্রায় বোতলবন্দী করে রেখেছিলেন গেটাফের রাইটব্যাক হুয়ান ভ্যালেরা।এই ভ্যালেরাই বিরতির পর ৫৩ মিনিটে ফ্রি-কিক থেকে হেডে সমতায় আনেন গেটাফেকে। পাল্টা আক্রমণ থেকে জয়সূচক গোলটা করলেন আবদেলাজিজ বারাদা। যে আলবিওল রক্ষণকে জমাট রেখেছিলেন, সেই তিনিই আটকাতে পারেননি বদলি ফরোয়ার্ড কলুঙ্গাকে, তাঁর বাড়ানো বলেই বারাদা ক্যাসিয়াসকে হকচকিত করে বল জড়িয়ে দেন জালে। বাকি ১৫ মিনিটে দিগ্ভ্রান্ত রিয়াল ভাগ্য ফেরাতে পারেনি।রিয়ালের মৌসুমটা শুরু হলো রীতিমতো দুঃস্বপ্নের মতো। তিন ম্যাচ খেলেও জয়ের দেখা নেই। তিন দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে সুপার কাপে হারের পর লিগে টানা ২৪ ম্যাচ পর পরাজয়ের স্বাদ। লিগের সূচনা ম্যাচে নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করায় দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট। প্রথম দুই রাউন্ডেই বার্সেলোনা এগিয়ে গেল ৫ পয়েন্ট। আগামী বুধবার বার্সেলোনার সঙ্গে সুপার কাপের ফিরতি ম্যাচে রিয়াল কি ভাঙা মনোবল নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? সংশয় থাকছেই। পুরো মাদ্রিদেই কেমন যেন একটা গুমোট হাওয়া। কোচ হোসে মরিনহো পর্যন্ত তাঁর খেলোয়াড়দের আগলাননি। ডাগআউটে নীরব দর্শক হয়ে বসে থাকা কোচের মুখে ম্যাচ শেষে শ্লেষ, ‘এই পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। তবে আমার হতাশা নেই, কারণ ফলটা পুরোপুরিই ন্যায্য।’বার্সেলোনা কোচ টিটো ভিলানোভা তাঁর অভিষেকলগ্নেই টানা তৃতীয় ম্যাচ জিতে আনন্দের চেয়ে স্বস্তি পেয়েছেন বেশি, ‘যেভাবে ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়ে জিতেছি, এটাই প্রশংসার। এই স্টেডিয়ামে এটা করার জন্য আপনাকে মানসিকভাবে খুব শক্ত এবং উচ্চাভিলাষী হতে হয়।’যাঁর জন্য ম্যাচটায় বার্সেলোনা ঘুরে দাঁড়াতে পেরেছে, তিন ম্যাচে ৫ গোল করে ফেলা (লিগে দুই ম্যাচে ৪) টানা তিনবারের ফিফা বর্ষসেরা সেই মেসি দাবি করছেন, তাঁরা নাকি কখনোই আতঙ্কগ্রস্ত হননি! ‘আমরা আতঙ্কগ্রস্ত হইনি, সব সময় মাথা ঠান্ডা রেখে গেছি। ওদের গোলের জবাব দেওয়ার পথই খুঁজেছি। নিচে থেকে খেলা গড়ে তুলেছি, কখনোই মাথা গরম করিনি।’কথাটা যেমন ঠিক, আবার ঠিকও নয়। বার্সেলোনাকে আতঙ্কগ্রস্তই মনে হয়েছে বেশি। দুই সেন্টারব্যাক পুয়োল-পিকের মধ্যে বোঝাপড়া ছিল না। মাঝমাঠে টিকি-টাকার ম্যাজিকটা তারা দেখাতেই পারেনি। প্রতিপক্ষ মেসিদের শরীরের সঙ্গে লেপ্টে থাকায় নড়াচড়াও ঠিকমতো হয়নি। উল্টো ১৭ মিনিটে ওসাসুনা এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ থেকে ধার করা স্ট্রাইকার হোসেবা লরেন্তের গোলে। দ্বিতীয়ার্ধে নিনো ১ ঃ ১ অবস্থায় গোল মিস না করলে ওসাসুনাই এগিয়ে যায় ২-০ গোলে। উল্টো সানচেজ ও আলবার পাসে শেষ ১৫ মিনিটে ৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচটা বের করে নেন মেসি। মেসির দ্বিতীয় গোলটা অসাধারণ, কিন্তু তাঁর প্রথম গোলটা অফসাইড বলে অভিযোগ জানাতে গিয়ে ওসাসুনার ফ্রান্সিসকো পুনাল দেখেন লাল কার্ড। বাকি ১৫ মিনিটে প্রতিপক্ষের ১০ জনের সুবিধাটা অবশ্যই কাজে লেগেছে বার্সেলোনার। তবে ভিলানোভার নিরীক্ষাধীন হলুদ-কমলা জার্সির নতুন বার্সেলোনার খেলা সে সময়ও অচেনাই লেগেছে।