মেসিতেই আশার বসতি বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে আজবার্সেলোনা: ভিএফভি স্টুটগার্টবোর্দো: অলিম্পিয়াকোসস্বাগতিক দল প্রথমেলিওনেল মেসি! চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-ভিএফভি স্টুটগার্ট ম্যাচের আগে এই একটি নামই ঘুরেফিরে আসছে বারবার। দুই দলেই তাঁকে নিয়ে কথা। বার্সেলোনা তাদের পরিকল্পনা সাজাচ্ছে মেসিকে কেন্দ্র করে। স্প্যানিশ লিগের সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা মেসিকে ঘিরে বার্সার আশার বসতি—এমন আরেকটা পারফরম্যান্স। আর প্রতিপক্ষ স্টুটগার্টে চলছে বার্সার ভরসাকে আটকাতে পরিকল্পনার জাল বোনা। জার্মানির লিগে ভিএফভি স্টুটগার্টের অবস্থান নয় নম্বরে। পরেরবার চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করার সম্ভাবনা ক্ষীণ। বার্সার তো নির্ভারই থাকার কথা। তা ছাড়া খেলাটা হচ্ছে ন্যু ক্যাম্পেই। উল্টো বার্সা-শিবিরে কিছুটা দুশ্চিন্তা, তার চেয়েও বেশি অস্বস্তি। স্টুটগার্ট বড় নাছোড় একটা দল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর ড্র যখন হয়, তখন এর চেয়েও বাজে অবস্থা ছিল তাদের। কিন্তু গত মৌসুমের সর্বেসর্বাদের প্রথম লেগে ঠিকই তারা আটকে দিয়েছিল ১-১ গোলে।বার্সেলোনার খেলোয়াড়েরা তাই সতর্ক। যেমন তাদের মেক্সিকান ডিফেন্ডার রাফায়েল মার্কেজ সতীর্থদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘আমাদের খুব সতর্ক থাকতে হবে। জার্মানির মতো এখানেও ওরা শক্তিশালী হয়েই আসবে। একই রকম ভালো খেলবে।’কদিন আগে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর কাছে রিয়াল মাদ্রিদের বিদায়ই বার্সেলোনাকে আরও বেশি সাবধান করে দিচ্ছে। মার্কেজ সতীর্থদের দিয়েছেন সেই উদাহরণও, ‘আমাদের মনে রাখতে হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে যা ঘটেছে সেটা আমাদের ক্ষেত্রেও হতে পারে। প্রতিপক্ষকে সমীহ করতেই হবে।’স্টুটগার্টকে সমীহ না করেই বা উপায় কী! গত কিছুদিনে বুন্দেসলিগায় তাদের পারফরম্যান্স সত্যিই দারুণ। ওই পারফরম্যান্স নিংড়ানো আত্মবিশ্বাস আছে। তবে গত বছরে ঐতিহাসিক ট্রেবলসহ ছয়টি শিরোপা জেতা বার্সার প্রতি সম্মানবোধও আছে স্টুটগার্টের। চ্যাম্পিয়নস লিগ ইদানীং অনেকের জন্যই পুরোনো ঠিকানায় অতিথি হয়ে ফেরার উপলক্ষ করে দিয়েছে। বার্সা থেকে ধারে জার্মান ক্লাবটিতে যাওয়া আলেক্সান্ডার হ্লেবও আজ ন্যু ক্যাম্পে ফিরছেন। নিজের অভিজ্ঞতা থেকেই বেলারুশের এই মিডফিল্ডার বলছেন, ‘বিশ্বের যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে পারব আমরা। কিন্তু বার্সেলোনা? এদের বিপক্ষে নয়!’মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ, জাভি, ইনিয়েস্তা—কাকে রেখে কার দিকে নজর রাখবে স্টুটগার্টের ডিফেন্ডাররা? এক দলে এতজন ম্যাচ জেতানো খেলোয়াড় থাকলে প্রতিপক্ষের আর কীইবা করার থাকে! তার ওপর বার্সা আজ গোলশূন্য ড্র পেলেও চলে যাবে কোয়ার্টার ফাইনালে।ফরাসি ক্লাব বোর্দোর সমস্যা অন্য জায়গায়। তিন সপ্তাহ আগে অলিম্পিয়াকোস থেকে প্রথম লেগ ১-০ গোলে জিতে আসায় সুবিধাজনক অবস্থানে তারা। কিন্তু ওই জয়ের পর থেকেই বাজে সময় যাচ্ছে তাদের। লিগে তিন ম্যাচের দুটিতে ড্র, অন্যটিতে পরাজয়। বোর্দোতে তাই শুধু এই বাজে অবস্থা কাটিয়ে ওঠার প্রার্থনায়। এএফপি, ওয়েবসাইট