মেসিতেই খুলবে গেরো ?
এক দিন, দুদিন নয়। ২৪টা বছর ধরে কোয়ার্টার ফাইনালের গেরোতে আটকে আছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। সেই নব্বইয়ের বিশ্বকাপে শেষবার সেমিফাইনাল খেলেছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। তার পর থেকে চমত্কারভাবে বিশ্বকাপ শুরু করেও আটকে যাওয়া ওই শেষ আটের গোলকধাঁধায়। নব্বইয়ের ম্যারাডোনার মতোই এবার একক নৈপুণ্যে দলকে টেনে নেয়া মেসি কি পারবেন সেই গেরো খুলতে?
১৯৯৪ বিশ্বকাপে শেষ ষোলোতেই বিদায় নেয় আগেরবারের রানার্সআপ আর্জেন্টিনা। এরপর ১৯৯৮ সালে হল্যান্ডের কাছে হার দিয়ে সেই যে শুরু হলো কোয়ার্টার ফাইনালের গেরো, তা শেষ হয়নি আজ অবধি। প্রতিটা বিশ্বকাপই ফেবারিট হিসেবে শুরু করে প্রতিবারই আলবিসেলেস্তেরা ঘরে ফিরেছে খালি হাতে। ২০০২ বিশ্বকাপে তো গ্রুপ পর্বই উতরাতে পারেনি বাতিস্তুতার আর্জেন্টিনা। গত দুবারই কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে গেছে সাদা-আকাশিদের বিশ্বকাপ স্বপ্ন। দুবারই ঘাতকের নাম জার্মানি। এবার রেড ডেভিল বেলজিয়ামকে হারিয়ে তাই ২৪ বছরের শাপমোচন করতে মরিয়া মেসি বাহিনী।
শেষবার যখন সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা, তিন বছর বয়সী লিওনেল মেসি বলই পায়ে নেননি ততদিনে। সেই মেসির কাঁধেই আজ দলকে কোয়ার্টার ফাইনালের বাধা থেকে উতরে দেওয়ার ভার। পরিসংখ্যান অবশ্য বলছে, ’৯০-এর ম্যারাডোনার চেয়েও উজ্জ্বল ’১৪ এর মেসি।
স্বয়ং ম্যারাডোনা বলছেন, মেসির পায়ে যতবারই বল যায়, ততবারই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়তে হয় তাঁকে। বিশেষজ্ঞদের মতে, তাই সেমিফাইনাল নামক তালার চাবি হবেন লিওনেল মেসিই।
ইতিহাস বলছে, কোয়ার্টার ফাইনালের বাধা পেরোলেই আর্জেন্টিনা প্রতিবার পৌঁছেছে ফাইনালে। সেমিফাইনালে এ পর্যন্ত কখনোই হারেনি আর্জেন্টিনা। আজ শেষ আটের এই গেরো কাটাতে পারলেই হয়তো মেসি আর এক পা দূরে থাকবেন পরম আরাধ্য ওই ট্রফি থেকে। শুধু সমর্থকেরা নয়, মেসির দিকে যে আজ তাকিয়ে থাকবে ইতিহাসও!