মেসিতেই সওয়ার বার্সেলোনা
ইউরোপের ফুটবলে একেকটা রাত আসে, লিওনেল মেসি নিজেকে নিয়ে যান আরও ওপরে। পরশু স্প্যানিশ লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক করে রিয়াল জারাগোজার বিপক্ষে ৪-২ গোলের জয় এনে দিয়েছেন দলকে। যে জয়ে স্প্যানিশ লিগের শিরোপা লড়াইয়ে বার্সেলোনা থাকল রিয়ালের গা ঘেঁষে। ২৭ ম্যাচ থেকে দু দলেরই সমান ৬৮ পয়েন্ট। গোল-ব্যবধান অবশ্য এগিয়ে রেখেছে রিয়ালকে।ইতালিয়ান সিরি ‘আ’তে বড় সুযোগ পেয়েও ইন্টার মিলানকে টপকে শীর্ষস্থানে যেতে পারেনি এসি মিলান। আর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি পড়ে রইল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের নিচে। পরশু এসি মিলান নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র না করে জিতলেই ছাড়িয়ে যেত ইন্টারকে। ওই একই ব্যবধানে ব্ল্যাকবার্নের সঙ্গে ড্র করেছে চেলসি। জিতলেও শীর্ষে যেতে পারত না চেলসি, তবে একই পয়েন্ট নিয়ে থাকতে পারত ম্যানইউ-আর্সেনাল দু দলেরই পাশাপাশি। জারাগোজার মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বার্সেলোনা। তাদের আক্রমণের চাপেই ভুল খেলতে শুরু করে স্বাগতিক জারাগোজা। তেমন একটি ভুল থেকেই ৫ মিনিটে দলের প্রথম গোলটি করেন মেসি। ডিয়েগোর একটি ভুল পাস থেকে দারুণ এক ক্রস করেছিলেন পেদ্রো। তাতে হেড করে প্রথম গোল করেন আর্জেন্টাইন তারকা। বার্সার বাকি ৩টি, জারাগোজার ২টি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে আর গোল না পেলেও বার্সেলোনার আক্রমণের গতি কিন্তু থামেনি। ইব্রাহিমোভিচ সহজ কিছু সুযোগ মিস না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত বার্সা।মেসি তাঁর দ্বিতীয় গোলটি পেয়েছেন ৬৬ মিনিটে। বাঁ প্রান্তে পেনাল্টি বক্সের অনেক দূরে বল পেয়ে নিজের আড়াআড়ি দৌড়ে ভেতরে ঢোকেন মেসি। বক্সে ঢোকার পথে জারাগোজার তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক রবার্তোর পাশ দিয়ে বল ঠেলে দেন জালে। হ্যাটট্রিক গোলটি করেন এর ৯ মিনিট পর। দলের চতুর্থ গোলটিও তিনি প্রায় পেয়েই যাচ্ছিলেন। ইনজুরি সময়ে পেনাল্টির বিনিময়ে মেসিকে থামায় জারাগোজার রক্ষণ। স্পট কিকে গোল করে কিছুটা হতাশা ঘুচিয়েছেন ইব্রাহিমোভিচ। এই গোলটির আগে অবশ্য বার্সেলোনাকে নাড়িয়ে দিয়েছিল জারাগোজা। ৮৫ থেকে ৮৯—এই ৪ মিনিটের মধ্যে দু গোল করে ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন কোলুঙ্গা। সিরি ‘আ’তে নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই কাম্পানারোর গোলে পিছিয়ে পড়েছিল মিলান। ২৬ মিনিটে গোলটি শোধ করে দেন ফিলিপ্পো ইনজাগি। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচটি জিতলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকত মিলান। আর এখন ইন্টারের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে। ৩১ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৬০, মিলানের ৬৯। প্রিমিয়ার লিগে ওয়েইন রুনি ও পার্ক জি সুংয়ের গোলে ম্যানইউ লিভারপুলকে ২-১ ব্যবধানে হারানোর পর চেলসি পড়ে গিয়েছিল চাপে। ব্ল্যাকবার্নের বিপক্ষে সে চাপটা আর কাটিয়ে উঠতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ব্ল্যাকবার্নের সঙ্গে ড্র করে পিছিয়ে পড়ল চেলসি। এই ড্রয়ের পর প্রথমবারের মতো চেলসি কোচ আনচেলত্তি ম্যানইউকে শিরোপা ফেবারিট বলে মেনে নিয়েছেন, ‘ওরা এখন শীর্ষে। লিগ জিততে হলে ওদের চেয়ে বেশি ভালো করতে হবে আমাদের।’৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে ম্যানইউ শীর্ষে আছে ঠিক, তবে এক ম্যাচ কম খেলেই চেলসির পয়েন্ট ৬৫। ৩১ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। আর ম্যানইউর কাছে হেরে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়ল লিভারপুল। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে টটেনহাম (৩০ ম্যাচে ৫৫) এবং পরশু রাতেই ফুলহামকে ২-১ গোলে হারিয়ে ২৯ ম্যাচে ৫৩ পয়েন্ট পাওয়া ম্যান সিটি। এএফপি।