ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠে একটা চমকই দিলেন দক্ষিণ আফ্রিকার মেয়ে চানেল শেপার্স! আমান্দা কোয়েতজারের নয় বছর পর দ্বিতীয় রাউন্ডে ওঠা শেপার্স অবশ্য এটিকে বড় অর্জন বলে মনে করছেন না। বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়াতে থাকা দক্ষিণ আফ্রিকার কাছে এটি আর বিশেষ কী? তবে মেসি-ম্যারাডোনার আর্জেন্টাইন ফুটবল দলের জন্য ফ্রেঞ্চ ওপেন থেকে প্রথম দিনই অনুপ্রেরণা জোগালেন জিসেলা দুলকো। জয় দিয়েই শুরু করেছেন এই আর্জেন্টাইন মেয়ে। প্রথম রাউন্ডে জয় দিয়ে শুরু করেছেন ভেনাস উইলিয়ামস ও বর্তমান চ্যাম্পিয়ন সভেৎলানা কুজনেৎসভা।অথচ ফিলিপ শাঁতিয়ের কোর্টে খেলা দেখে মনে হচ্ছিল, প্রথম রাউন্ডেই না অঘটনের শিকার হয়ে যান কুজনেৎসভা। রোমানিয়ার সোরানা ক্রিস্টেনার বিপক্ষে যদিও ৬-৩, ৬-১ গেমে জিতেছেন এই রাশিয়ান, কিন্তু প্রথম সেটে পিছিয়ে ছিলেন ১-৩-এ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই শেষ পর্যন্ত জিতেছেন। ২৪ বছর বয়সী কুজনেৎসভার প্রস্তুতি যে মোটেই মনের মতো হয়নি, সেটা তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছিল। এই মৌসুমে মাত্র একটা ক্লে-কোর্ট টুর্নামেন্ট খেলা কুজনেৎসভা অবশ্য পরের ৫টি গেম জিতেছেন মাত্র ৩৮ মিনিটে। দ্বিতীয় সেটে খুব বেশি ঘাম ঝরাতে হয়নি। নিজের খেলায় হতাশ কুজনেৎসভা ম্যাচ শেষে বললেন, ‘প্রত্যাশামতো ভালো খেলতে পারিনি। কিন্তু আমি জানি, এ অবস্থাটা আমাকে পার করতে হবে। কারণ এর চেয়েও ভালো খেলার যোগ্যতা আমার আছে।’সহজ জয় পেয়েছেন দুলকো। ৬-১, ৬-২ গেমে তিনি হারিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। প্যাটি স্নাইডারকে ৬-৩, ৬-৩ গেমে হারান ভেনাস। শেপার্স জিতেছেন মাথিলদে ইয়োহানসনের বিপক্ষে (৬-২, ৬-৪)। ছেলেদের বিভাগে জয় পেয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করেছেন রবিন সোদারলিং ও জো-উইলফ্রায়েড সোঙ্গা। এএফপি।