মেসিদের জন্যও 'ফকল্যান্ড' দাওয়াই

‘লা মালভিনাস সন আরজেন্তিনাস।’ গতকাল শনিবার ম্যাচ শুরুর আগে দলীয় ছবি তুলতে সারিবদ্ধ হলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। এ তো সব ম্যাচেই হয়। পার্থক্য হলো, এদিন আর্জেন্টিনার খেলোয়াড়দের সামনে ছিল একটা বিশাল ব্যানার। আর তাতেই লেখা ছিল এ কথা। যার মানে মালভিনাস আর্জেন্টিনার।
ফকল্যান্ড দ্বীপের স্প্যানিশ নাম মালভিনাস। ফকল্যান্ড দ্বীপের সার্বভৌমত্বের দাবিতে ব্যানারে এই স্লোগান লিখেই মাঠে দাঁড়াল আর্জেন্টিনা দল। ১৯৮৬ বিশ্বকাপে তো ডিয়েগো ম্যারাডোনা এটিকে ভিন্ন একটা মাত্রাই দিয়েছিলেন। সেই দাওয়াইয়ে হয়তো মেসিদেরও উজ্জীবিত করতে চাইছে আর্জেন্টিনা। সেই সঙ্গে আবারও বিশ্বের কাছে বার্তা দিচ্ছে, ফকল্যান্ড দ্বীপ ফিরিয়ে দেওয়া হোক তাদের।
২৮ বছর আগে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-আর্জেন্টিনা। ফকল্যান্ড যুদ্ধের ক্ষত তখনো টাটকা। সেই ম্যাচেই ম্যারাডোনা করেন ‘হ্যান্ড অব গড’ গোল। করেছিলেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’ও। ম্যাচ শেষে ম্যারাডোনা মন্তব্য করেন, যুদ্ধে হারানো স্বদেশি ভাইদের হয়েই পাল্টা জবাব তাঁরা দিয়েছেন মাঠে। সেই জয়কে এখনো ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ হিসেবে দেখে আর্জেন্টাইনরা।
১৯৯৮ বিশ্বকাপে দুই দলের সাক্ষাত্ মাঠে আবারও ছড়ায় উত্তাপ। আর্জেন্টিনার ডিয়েগো সিমোনের সঙ্গে গলাবাজি করে লাল কার্ড দেখেন ডেভিড বেকহাম। বেকহামকে বেশি অপেক্ষা করতে হয়নি। চার বছর পরের বিশ্বকাপেই আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি থেকে নেওয়া বেকহামের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ফেবারিট আর্জেন্টিনা গ্রুপ পর্বেই ছিটকে পড়ে বিশ্বকাপ থেকে।
এবার অবশ্য সেমিফাইনালে আগে ইংল্যান্ড-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।