মেসিদের থাকা নিয়ে হঠা ৎ সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিরা ঢাকায় কোথায় থাকবেন? কেন, সোনারগাঁও হোটেলে! দুই দিন আগ পর্যন্তও এটা নিশ্চিত ছিল। কিন্তু আর্জেন্টিনা ফুটবল দলের আবাসনের ব্যাপারটি এখন কঠিন এক সমস্যা হয়ে উঠেছে বাফুফের কাছে। সমস্যার সমাধান করতে হিমশিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ ৬ সেপ্টেম্বর। আর্জেন্টিনা দলের আসার কথা ৩ সেপ্টেম্বর। আর্জেন্টিনার আবাসন হিসেবে বেছে নেওয়া সোনারগাঁও হোটেল নিয়ে সমস্যাটা হলো—৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকায় এসে এই হোটেলেই ওঠার কথা। এটা জানাই ছিল বাফুফের। তার পরও ধারণা করা হয়েছিল, সমস্যা হবে না। কিন্তু মনমোহন সিং পাঁচজন মুখ্যমন্ত্রী নিয়ে আসছেন। সবারই সোনারগাঁও হোটেলেই থাকার কথা। হোটেল থেকে বাফুফেকে জানানো হয়েছে, আর্জেন্টিনা দলের হোটেল পরিবর্তন করতে হতে পারে। বাফুফের আবাসন কমিটির চেয়ারম্যান শওকত আলী খান বলেছেন, ‘সোনারগাঁও কর্তৃপক্ষ এখনো চেষ্টা করছে, মেসিদের রাখার জন্য। শেষ পর্যন্ত না হলে বিকল্প খুঁজব আমরা। তবে রূপসী বাংলায় রাখা যাবে না। নাইজেরিয়া থাকবে সেখানে। দুই দলকে এক হোটেলে রাখা যাবে না।’ওদিকে মেসিদের থাকা নিয়ে সমস্যা তৈরি হলেও ম্যাচ সম্প্রচারে এগিয়ে এসেছে ইএসপিএন। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় ঐতিহাসিক এই ম্যাচ ইএসপিএনে দেখানো হবে জানিয়ে ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক বলেছেন, ‘আমরা কাগজপত্র পাঠিয়ে দিয়েছি। আগামীকাল (আজ) ইএসপিএনের সঙ্গে আমাদের চুক্তি হতে পারে।’ দুই দলের সফরসঙ্গীদের তালিকা কাল বাফুফে দপ্তরে এসেছে। আর্জেন্টিনার খেলোয়াড় ২৬ জন, কোচ-কর্মকর্তা আরও ২১ জন। নাইজেরিয়া পাঠিয়েছে ৫০ জনের তালিকা। এর মধ্যে খেলোয়াড় ৩০ জন। নাইজেরিয়া দলের আসার কথা ছিল ৪ সেপ্টেম্বর। কাল বাফুফের একটি সূত্রে জানা গেল, নাইজেরিয়া এসে পৌঁছাবে ৫ সেপ্টেম্বর সকালে। দুই দলের অফিশিয়াল ডিনার হওয়ার কথা ছিল ৪ সেপ্টেম্বর। কিন্তু মেসিদের হোটেল-সমস্যা এবং নাইজেরিয়ার বিলম্বে আসার কারণে যে প্রতিষ্ঠানের কাছে ১ কোটি টাকায় ডিনারের স্বত্ব বিক্রি করেছিল বাফুফে, সেই প্রতিষ্ঠানটি পিছুটান দিয়েছে। এখন ডিনারের আয়োজন বাফুফেই করবে।