মেসিদের ম্যাচের তথ্য মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসিদের ম্যাচ নিয়ে কি মানুষের আগ্রহ কমে গেল? টিকিট বিক্রি এক সপ্তাহ ধরে চললেও সেটি চলছে একেবারেই ঢিমেতালে। ফুটবল ফেডারেশন ভবনে গেলে অবশ্য সেসব মনে হবে না। বরং মনে হবে, সামনে একটা বড় উ ৎ সব। তারই ছোঁয়া লেগেছে সর্বত্র। চলছে বাফুফে ভবন ধোয়ামোছার কাজ। দেয়ালে নতুন করে করা হচ্ছে চুনকাম। তবে ভবনের মতো অতটা দ্রুতগতিতে চলছে না মাঠের সংস্কারকাজ। ৬ সেপ্টেম্বরের আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের প্রচারণা চলছে। বিলবোর্ড, পত্রিকা আর টেলিভিশনে বিজ্ঞাপন তো আছেই, সঙ্গে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাফুফে। বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) সঙ্গে একটি চুক্তির পরিকল্পনা করছে বাফুফে, যাতে দেশের সব কটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাহকদের খুদেবার্তা (এসএমএস) পাঠায়। সেখানে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের বিস্তারিত সব তথ্য থাকবে। এ ছাড়া ম্যাচের টিকিট আইএফআইসি ব্যাংকের কোন শাখায় পাওয়া যাবে, সেটাও জানানো হবে ওই খুদেবার্তায়। টিকিট পাওয়ার সব তথ্য সাধারণ মানুষের দুয়ারে পৌঁছানোর এমন উদ্যোগ নেওয়া কি টিকিট বিক্রির কচ্ছপগতির জন্যই? টিকিট বিক্রি নিয়ে দুশ্চিন্তা কিছুতেই কমছে না বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। কাল তিনি আক্ষেপ করে বলছিলেন, ‘এই দেশে ১৫ কোটি লোক। এর মধ্যে ১৮ হাজার টিকিট যদি মেসির খেলা দেখতে বিক্রি না হয়, সেটা হবে চরম হতাশার। আমি আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেখব। যদি এমন ম্যাচেও দর্শক গ্যালারিতে না আসে তাহলে ভেবে নেব, আমরা ফুটবলপ্রিয় জাতি নই। মেসির চেয়ে বড় ফুটবল তারকা এই মুহূর্তে বিশ্বে আর কে আছে?’ বিশ্বকাপের সময় প্রায় অধিকাংশ বাড়িতেই আর্জেন্টিনার পতাকা। কিন্তু টিকিট বিক্রিতে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ নেই বলে বেশি খারাপ লাগছে কাজী সালাউদ্দিনের, ‘শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললে হবে না। সেটার প্রকাশও ঘটাতে হবে।’ গত ২০০৮ সালের ডিসেম্বরে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা কলকাতা সফরে এসেছিলেন। সেটি স্টেডিয়ামে থেকে দেখার অভিজ্ঞতা থেকে বললেন, ‘দেড় ঘণ্টা পর ম্যারাডোনা মাঠে এসেছিল। কিন্তু মাঠে গিয়ে দেখি গ্যালারি উপচানো দর্শক।’ মেসি-ম্যারাডোনার মতো তারকা দেখতে মাঠে দর্শক না এলে সেটা আসলেই হতাশার।