মেসিদের হারিয়ে ভেনেজুয়েলার ইতিহাস
ভেনেজুয়েলার একটা দুঃখ আছে। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে না-পারা দক্ষিণ আমেরিকার একমাত্র হতভাগা দল তারাই। এই অঞ্চলের সবচেয়ে দুর্বল দলের তকমাটা গত কোপা আমেরিকাতেই মুছে ফেলেছে ভেনেজুয়েলা। আর এবার বিশ্বকাপ বাছাইপর্বে তারা হারিয়ে দিল আর্জেন্টিনাকেই!এর আগে আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি ১৮টি ম্যাচেই তারা হেরেছে। এই জয়টি ‘ভিনোতিন্তো’দের কাছে তাই ‘ঐতিহাসিক’। ভেনেজুয়েলাকে এই জয়টি এনে দিয়েছেন ফার্নান্দো অ্যামোরেবিয়েতা। পুয়ের্তো লা ক্রুজে নিজেদের দর্শকদের আনন্দে ভাসিয়ে ৬১ মিনিটে কর্নার থেকে গোলটি করেন স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে এটাই তাঁর প্রথম গোল। দক্ষিণ আমেরিকা অঞ্চলেরই আরেক পরাশক্তি উরুগুয়ের রাতটাও এদিন হতাশায় কেটেছে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে, সেটিও একদম শেষ মুহূর্তে খেয়ে বসা গোলে। ৬৭ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন ডিয়েগো ফোরলান। জাতীয় দলের হয়ে এটি তাঁর ৩২তম গোল। এই গোল দিয়েই উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন এই ফরোয়ার্ড, পেছনে ফেললেন সেই ১৯৩২ সালে খেলা ছাড়া হেক্টর স্ক্যারোনকে। ফোরলানের গোলেই জয় দেখছিল উরুগুয়ে। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে সমতা ফেরান প্যারাগুয়ের রিচার্ড ওর্টিজ।সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত বলিভিয়ার লা পাজ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে কলম্বিয়া। এই ভেন্যুতে বড় বড় অনেক দলই বলিভিয়ার কাছে নাজেহাল হয়। কিন্তু ৯২ মিনিটে কলম্বিয়ার জয়সূচক গোলটি করেছেন দলের সবচেয়ে বড় তারকা রাদামেল ফ্যালকাও। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃখ চিলি ভুলেছে নিজেদের মাঠে পেরুকে ৪-২ গোলে হারিয়ে।কিন্তু আর্জেন্টিনার এই দুঃখ ভুলতে সময় লাগবে। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলার মাত্র কদিনের মধ্যেই ছন্দ হারিয়ে ফেলা—পুরোনো রোগ আবার পেয়ে বসেছে কি না, এই সংশয়ে পড়ে গেছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। আগের ম্যাচে হ্যাটট্রিক করা গঞ্জালো হিগুয়েইন আর দলনেতা লিওনেল মেসি দুজনই হতাশ করেছেন। নিয়মিত গোলরক্ষক সার্জিও রোমেরোর চোটের কারণে খেলতে নামা মারিয়ানো আন্দুজার এদিন দুর্দান্ত কয়েকটি সেভ না করলে আরও বড় পরাজয়ের লজ্জা নিয়েই দেশে ফিরতে হতো আর্জেন্টিনাকে।বাছাইপর্বের দুই ম্যাচের পর্ব শেষে আবার লম্বা বিরতি। পরের দুটো ম্যাচ হবে এক মাস পর। কিন্তু প্রথম দুটো ম্যাচই বুঝিয়েছে, এই অঞ্চলে কোনো দলই আর সহজে পার পাবে না। উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ এটাই সবাইকে মনে করিয়ে দিয়েছেন, ‘এবারের বাছাইপর্বে সব দলই কাছাকাছি শক্তির। কোনো দলই তাই নিজেদের বেশি শক্তিধর ভাবতে পারবে না।’ এএফপি, রয়টার্স।