মেসিদের 'নেতা' মাচেরানো

২০০৮ সালে যখন আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিলেন ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি তখন ঊর্ধ্বাকাশের তারা। কিন্তু ম্যারাডোনা দায়িত্ব নিয়েই ঘোষণা করেন, তাঁর দলের প্রাণভোমরা হাভিয়ের মাচেরানো। অধিনায়কের দায়িত্ব দেওয়াই শুধু নয়, ম্যারাডোনা মাচেরানোকে তুলনা করেন নিজের সঙ্গেও!
১৯৮৬ বিশ্বকাপটা ইতিহাসে জায়গা করে নিয়েছে ম্যারাডোনার বিশ্বকাপ হিসেবে।আর্জেন্টিনা দল পরিচিতি পেয়ে যায় ‘ম্যারাডোনা ও বাকি দশজন’ নামে। সেই ম্যারাডোনা মাচেরানোয় এতটাই মুগ্ধ ছিলেন যে, কোচ হয়ে তিনিও তাঁর দলকে আখ্যায়িত করেন ‘ম্যাচেরানো ও বাকি দশজন’ বলে। ম্যারাডোনার কথা শুনে তখন হেসেছিল অনেকেই। সেদিন উত্তর দিতে না পারলেও ভাগ্য ঠিকই ম্যারাডোনাকে সুযোগ করে দিয়েছে নিন্দুকদের বাঁকা হাসির উপযুক্ত জবাব দেওয়ার। আসলে ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সাবেক গুরুকে সুযোগটা করে দিয়েছেন মাচেরানোই।
২০১০ বিশ্বকাপে মাচেরানোই ছিলেন ম্যারাডোনার অধিনায়ক। সেই অধিনায়কত্বের আর্মব্যান্ড অনেক আগেই হাত বদলে উঠে গেছে মেসির বাহুতে। অধিনায়ক এবং তারকাখ্যাতি মিলিয়ে এই আর্জেন্টিনা দলে মেসির প্রভাব হয়তো অনেক। তবে দলের ‘হৃৎপিণ্ড’ বলতে যা বোঝায়, মাচেরানো তাই। অন্তত এই বিশ্বকাপে তা ভালোভাবেই প্রমাণ করেছেন মাচেরানো। ১৯৮৬ বিশ্বকাপে নিজের ভূমিকার সঙ্গে ম্যারাডোনা তুলনা করেছেন মাচেরানোকেই। আকারে-ইঙ্গিতে আর্জেন্টাইন কিংবদন্তি বুঝিয়ে দিয়েছেন, মাচেরানো এই আর্জেন্টিনার ম্যারাডোনা! ‘যখন আমি বলেছিলাম ‘মাচেরানো ও বাকি দশজন’, তখন লোকে হাসাহাসি করেছে। কিন্তু এখন তারা হাসতে পারছে না। মাঠে মাচেরানো একটা উদাহরণ। প্রত্যেকেই তাঁর ছন্দটাকে অনুসরণ করছে। আর এ কারণেই প্রতিপক্ষরা আমাদের বিপক্ষে গোল করতে পারছে না’—গত বুধবার হল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে বলেছেন ম্যারাডোনা।
আবেগের স্রোতে ভেসে ম্যারাডোনা হয়তো মাচেরানোকে একটু বেশিই নম্বর দিয়ে ফেলছেন। কিন্তু এটাও সত্যি, আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে তুলতে মাচেরানোর অবদান অনেক। মূলত মিডফিল্ডার। ২০১০ সালে বার্সেলোনায় যাওয়ার আগে ক্লাব এবং জাতীয় দলে ওটাই ছিল তাঁর একমাত্র পরিচয়। কিন্তু বার্সেলোনায় পেপ গার্দিওলা মাচেরানোকে বানিয়ে দেন ডিফেন্ডার! তাতে অবশ্য লাভই হয়েছে। প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার বিদ্যেটা শিখে ফেলেছেন। বিশ্বকাপে নিজের আসল জায়গা, মাঝমাঠে ফিরে মাচেরানো নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যাচ্ছেন নীরবে। জায়গা করে নিয়েছেন গোল্ডেন বলের জন্য ঘোষিত ফিফার ১০ জনের সংক্ষিপ্ত তালিকায়।
মাঝমাঠের সেনানী হিসেবে রক্ষণ ও আক্রমণভাগের মধ্যে সেতুবন্ধের কাজটা যেমন ঠিকঠাক করে যাচ্ছেন মাচেরানো, তেমনি নিচে নেমে প্রতিপক্ষের আক্রমণও প্রতিহত করছেন সার্থকতার সঙ্গে। বিশ্বকাপের ছয় ম্যাচে আর্জেন্টিনা যে মাত্র তিনটি গোল খেয়েছে, তার পেছনে মাচেরানোর অবদান অনেক। হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আরিয়েন রোবেনের সেই প্রচেষ্টাটা রুখে দেওয়াটা তো ছিল এককথায় অবিশ্বাস্য। আর একটু এদিক-সেদিক হলেই ফল হতে পারত অন্য রকম। নিজের কাজই শুধু নয়, অধিনায়ক না হলেও মাঠে সতীর্থদের উজ্জীবিত করতে মাচেরানোর কণ্ঠও সোচ্চার। হল্যান্ডের সঙ্গে টাইব্রেকারের আগে যেমন গোলরক্ষক রোমেরোকে আত্মবিশ্বাস জুগিয়েছেন তিনিই, ‘আজকের রাতে তুমিই হতে পারো আর্জেন্টিনার নায়ক।’
নীরবে নেতার কাজটা করে গেলেও মাচেরানো এর কৃতিত্ব নিতে রাজি নন। তিনি বরং তাকিয়ে আজকের ফাইনালের দিকে, ‘আমরা জানি, রোববারের ম্যাচ হবে আমাদের জন্য জীবন-মরণ ম্যাচ। আশা করি, আমরাই ট্রফিটা জিতব। এই দল নিয়ে আমি গর্বিত। আমাদের সবারই স্বপ্ন ট্রফিটা নিয়ে আর্জেন্টিনায় ফেরা।’ মাচেরানোর স্বপ্ন পূরণ হবে তো? গোল ডটকম।